আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নৌকার কর্মীদের ওপর হামলা, ৬০০ জনের বিরুদ্ধে মামলা

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :

বরগুনা সদর উপজেলার এম. বালীয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম নাসিরের ভাই মো. ছগীর হোসেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০০ জনকে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচনী পথসভা শেষে নেতাকর্মীদের নিয়ে বাড়িতে ফিরছিলেন এম. বালীয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। এ সময় তিনিসহ তার নেতাকর্মীদের ওপর দেশীয় ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী এমএ বারী বাদলের নেতাকর্মীরা।

এর আগে সন্ধ্যায় নাসিরের নেতাকর্মীদের ওপর আরেক দফা হামলার অভিযোগ এমএ বারী বাদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। দুই দফা হামলায় নৌকা প্রতীকের ১৬ কর্মী ও সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামাল বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে তার বাড়ি যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদলের লোকজন আমাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। অতর্কিত এ হামলায় আমরা ছোটাছুটি করি। এসময় বাদলের লোকেরা আমার পায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে।

হাসপাতালে চিকিৎসাধীন আবু হানিফ বলেন, এম. বালিয়াতলী ইউনিয়নের ছোটবুনিয়া এলাকায় উঠান বৈঠক শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে আমরা তার বাড়ি যাচ্ছিলাম। পরে বাদলের লোকজন রাতের আঁধারে আমাদের ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা আমার পায়ে কুপিয়ে জখম করলে রক্তাক্ত অবস্থায় আমি একটি কালভার্টের ভেতরে আশ্রয় নিই। এরপর পরিস্থিতি শান্ত হলে পুলিশ আমাকে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নাজমুল ইসলাম নাসির বলেন, হামলার ঘটনায় ৬৪ জনসহ ৬০০ অজ্ঞাত মামলার সব আসামিকে গ্রেপ্তার করতে না পারলে এম. বালীয়াতলী ইউনিয়নে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে না। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই নির্বাচনের স্বার্থে এম. বালীয়াতলী ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহারের দাবি জানাই।

এ বিষয়ে জানতে এম. বালীয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. তারিকুল ইমলাম বলেন, ঘটনার পরপরই ওই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ