কে এম নজরুল ইসলাম :
শিক্ষা ও মেধায় অনন্য ফরিদগঞ্জ উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জীবনযাপন চরম সঙ্কটাপন্ন। মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় সকল শিক্ষক। করোনার অভিঘাতে দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় প্রতিষ্ঠানের ভাড়া, শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারছেন না প্রতিষ্ঠানের মালিকরা। অর্থের অভাবে প্রতিষ্ঠান ব্যয় বহন করতে না পারায় ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অতিদ্রুত স্কুল খুলতে না পারলে প্রতিষ্ঠান টিকবে কী না- তা নিয়েও শঙ্কায় রয়েছে তারা। আবার কিছু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পরিণত হয়েছে দোকান ও রেস্টুরেন্টে। উপায়ান্ত না দেখে কিন্ডারগার্টেন শিক্ষকরা এখন সরকারি সহায়তার দিকে চেয়ে রয়েছেন।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপজেলার কিন্ডারগার্টেনের শিক্ষকদের পরিবারে চলছে নীরব দুর্ভিক্ষ। এসব শিক্ষকদের সহায়তায় কেউ এগিয়ে না আসায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে কিছু কিছু শিক্ষকদের।
ফরিদগঞ্জে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শাখার অধীনে মোট ৬২টি কিন্ডারগার্টেন আছে। এসোসিয়েশন ছাড়াও আরও কিছু কিন্ডারগার্টেন আছে, যেগুলো সংগঠনের অধীনে নয়। ওগুলোসহ টোটাল ৮০টিরও বেশি কিন্ডারগার্টেন রয়েছে। শিক্ষক রয়েছে শতশত। এরা হাজার হাজার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের বেতনের টাকায় পরিচালিত হয়। শিক্ষার্থীদের বেতন-ভাতা আর টিউশনের ফি দিয়ে সংসার চালাতো তারা। করোনার কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন যেমন বন্ধ, প্রাইভেট টিউশনিও বন্ধ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাদের আয়-রোজগারের পথ।
কয়েকমাস আগে সারাদেশে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে তারা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশকিছু দাবি তোলেন। সেই সঙ্গে দ্রুত প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ারও দাবী জানানো হয়। চাঁদপুরে এর অংশ হিসেবে (৯ জুন) প্রতীকী অনশন করেছিলেন জেলার শিক্ষকরা।
সামনে আসছে ঈদুল আযহা। কুরবানির ঈদে কুরবানি দেওয়া তো দূরের কথা সামান্যতম নতুন জামার আশায় বসে থাকা সন্তানদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপর পবিত্র ঈদকে কেন্দ্র করে বাজারেরও একটি চাহিদা থাকে সকল পরিবারে। উপজেলার এক কিন্ডারগার্টেন শিক্ষকের সাথে কথা হলে এসব চাহিদা মেটানোর কথা মনে করে তার চোখেমুখে দেখা মিলে নীরব আর্তনাদ ও হাহাকারের চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘শিক্ষক হচ্ছে জাতির বিবেক রাষ্ট্র পরিচালকসহ সকল মানুষ গড়ার কারিগর। শিক্ষাই জাতির মেরুদন্ড আর সেই মেরুদন্ডকে দন্ডায়মান করে রাখেন শিক্ষকরাই; তাই শিক্ষকদের প্রাপ্য মর্যাদা দেয়া উচিত। আমার মনে হয় আমরা শিক্ষিত হয়ে ভুল করেছি; না পারছি মাঠে কাজ করতে, না পাচ্ছি কোনো বেতন ভাতা। যারা সরকারি চাকরিজীবী, তাদের তো কোনো চিন্তা নেই। যত সমস্যা এই আমাদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে আমরা ‘মানবতার মা’ হিসাবে জানি- ওনার নিকট মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের নিয়ে বিবেচনা করার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি।’
নয়াহাট বাজারে অবস্থিত রোজ হেভেন কিন্ডারগার্টেনের পরিচালক মো. মজিবুর রহমান জানান, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। প্রতিষ্ঠানের আয়-রোজগারও বন্ধ। শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে অনেক শিক্ষককে বাদ দিতে হচ্ছে আবার অনেক শিক্ষক চাকরিও ছেড়ে দিচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর অনেক অবদান রয়েছে। ফরিদগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই করোনার কারণে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। করোনার এই দুর্যোগ সময়ে সরকারের উচিত এসমস্ত শিক্ষক এবং প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া।’
অন্য আরেক প্রতিষ্ঠানের পরিচালক বলেন, ‘আমাদের কিন্ডারগার্টেনগুলো চলে একমাত্র শিক্ষার্থীর বেতনের ওপর নির্ভর করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় কোনো শিক্ষার্থীর অভিভাবক বেতন দিতে চাচ্ছে না। তাই এমতাবস্থায় আমরা প্রতিষ্ঠান ভবনের ভাড়া ও শিক্ষকদের বেতন দিতে পারছি না। পরিবারের ব্যয় ও চাহিদা মেটাতে ইতিমধ্যে আমি আমার বাড়িতে একটি কৃষি প্রজেক্ট করেছি, পাশাপাশি আমার প্রতিষ্ঠানের একটি কক্ষে জামা কাপড়ের দোকান করেছি। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।’
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফরিদগঞ্জ সদরের মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রেজাউল করিম মাসুদ বলেন, ‘গত ২০২০ সালের ১৭ মার্চ থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের আয়-রোজগারও। এক বছরেরও বেশি সময় বন্ধ রয়েছে অভিভাবকদের পক্ষ থেকে বেতন-ভাতা। তবে আমার প্রতিষ্ঠানের কিছুটা আয় আসছে অনলাইন ক্লাসের মাধ্যমে। মাতৃছায়ায় প্রায় ২৬০ জনের মতো স্টুডেন্ট রয়েছে। এদের থেকে ১০০ জনের মতো আমাকে বেতন দিচ্ছে অনলাইন ক্লাসের বাবদে। এতে করে হয়তো আমার প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে না; কিন্তু আমার এসোসিয়েশনের অন্তর্ভুক্ত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের খুবই সমস্যা হচ্ছে। তাছাড়া কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা সরকারি কোনো ভাতা বা অনুদানও পান না। এই দুর্যোগকালীন সময়ে সরকারি বা বেসরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা না পাওয়ায় আমাদের অনেকের পরিবারে হাহাকার বিরাজ করছে। আমরা কয়েকবারই তথ্য দিয়েছি সরকারি প্রণোদনার জন্য। এখনও পাইনি, পাবো কী না সন্দেহ আছে। তবে কয়েকদিন আগে জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের উপজেলায় ১০০০ টাকা করে প্রণোদনা পেয়েছে ২০ জনের মতো।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনির উজজামান খান বলেন, ‘আসলে কিন্ডারগার্টেনের সঙ্গে আমাদের যোগাযোগ মূলত সরকারি বই প্রদান ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ পর্যন্তই। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে সরকারি সহায়তার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কী না, তা আমার জানা নেই। কারণ, সরকার এক্ষেত্রে তেমনভাবে সরকারি প্রণোদনা দেয়ও না এবং কোনো উদ্যোগও নেই বলেই আমি জানি। তবে, কিছু কিছু স্কুল ও শিক্ষকের নামের তথ্য-তালিকা তারা ডিসি স্যারের কাছে এবং আমার কাছেও দিয়েছিল; এটুকুই জানি।’