নিজস্ব প্রতিবেদক :
পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলেকে হত্যার পরিকল্পনা করেন মা স্বপ্না বেগম (২৮)। পরিকল্পনার বিষয়ে জানতে পেরে স্বপ্নাসহ পরিকল্পনার সাথে জড়িত বাবাকেও হত্যা করে আত্মহত্যার গল্প সাজান ছেলে হিমেল। সাথে হত্যা করেন ৪ বছরের ছোট বোন
জান্নাতুলকে। সম্প্রতি আশুলিয়ার এমন একটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা। এর আগে গত ৪ অক্টোবর ও ২৪ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী এলাকা থেকে তরিকুল ইসলাম তারেক হৃদয় (২৮) ও গত ২৪ অক্টোবর আশুলিয়ার জিরাবো এলাকা থেকে অপর আসামী তানভীর হাসান হিমেল (২২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নিহত বাচ্চু মিয়ার প্রথম স্ত্রীর ছেলে তানভীর হাসান হিমেল ও তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয়। তরিকুল ইসলাম তারেককে আসামি হিমেলকে হত্যার জন্য ভাড়া করেছিলেন নিহত বাচ্চু মিয়া।
পিবিআই জানায়, আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকার ৪তলা ভবনের ৪র্থ তলায় নিজেদের ফ্লাটে বসবাস করতেন মিজানুর রহমান বাচ্চু (৫৩), তার ৪র্থ স্ত্রী স্বপ্না বেগম (২৮) ও মেয়ে জান্নাতুল (৪) ও প্রথম স্ত্রীর সন্তান হিমেল। এমতাবস্থায় প্রথম স্ত্রীর সন্তান তানভীর হাসান হিমেলের সাথে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন স্বপ্না বেগম। ফলে তানভীর হাসান হিমেলকে হত্যার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনামতো ছেলে হিমেলকে হত্যার জন্য তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয়কে ভাড়া করেন বাচ্চু মিয়া। পরে নিজ নিজের ফ্ল্যাটের সাথে সংযুক্ত একটি কক্ষে থাকতে দেন এবং নিজেদের সাথেই খাবার ব্যবস্থা করেন।
পিবিআই আরও জানায়, ঘটনার ১০/১২ দিন আগে ছেলে হিমেলকে হত্যার পরিকল্পনার ব্যাপারে আলোচনা করেন। এসময় বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসায় ফিরলে তাদের পরিকল্পনার বিষয়ে জানতে পারেন হিমেল। নিজেকে হত্যার পরিকল্পনার কথা জানতে পেরে পরবর্তীতে তরিকুলের কাছে বিষয়টি জানতে চাইলে সমস্ত কথা স্বীকার করেন তরিকুল। পরে হিমেলের কাছে কান্নাকাটি করে তরিকুল ক্ষমা চান। পরবর্তীতে হিমেলই তরিকুলকে নিয়ে বাবা ও সৎ মাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর বাবা ও সৎ মা ও ৪ বছরের সৎ বোনকে হত্যা করে কক্ষ থেকে স্বর্ণালংকার লুট করে আত্মহত্যার নাটক সাজান তারা। ঘটনার পর স্বপ্না বেগমের বোন মোছাঃ লাবন্য আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে মামলাটির তদন্তভার পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে ঘটনার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
যেভাবে বাবা, সৎ মা ও সৎ বোনকে হত্যা করা হয়-
গত ১২ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে স্বপ্না বেগম মেয়ে জান্নাতুল কে নিয়ে স্কুলে চলে যান। এ সময় মিজানুর রহমান বাচ্চু তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকাল পৌনে ৯ টার দিকে আসামী তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয় ও তানভীর হাসান হিমেল বাচ্চু’র শয়নকক্ষে প্রবেশ করে। হিমেল তার হাতে থাকা হাতুড়ী দিয়ে বাচ্চু’র মাথায় পরপর দুইটি আঘাত করে এবং আসামী তারেক ভিকটিম বাচ্চুর পা চেপে ধরে রাখে। পরবর্তীতে আসামী তারেক বালিশ চাপা দিয়ে বাচ্চুর মৃত্যু নিশ্চিত করে লাশ খাটের উপরে কাথা দিয়ে ডেকে রাখেন। এরপর তারা স্বপ্না বেগম এবং জান্নাতুল এর জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল ১০:১০ মিনিটের সময় স্বপ্না বেগম মেয়ে জান্নাতুল’কে নিয়ে বাসায় এসে কলিং বেল চাপ দিলে হিমেল ভিতর থেকে দরজা খুলে দেন। ভিকটিম স্বপ্না বেগম শয়নকক্ষে প্রবেশ করে বাচ্চু’কে ডাকতে থাকে তখন আসামী তারেক পিছন থেকে স্বপ্না বেগমের গলা চেপে ধরে বিছানার উপরে ফেলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। এ সময়ে জান্নাতুল চিৎকার করে উঠলে হিমেল তাকে মেঝেতে ফেলে মুখ চেপে ধরে এবং পাশে থাকা খেলনা পুতুল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আলমারীতে থাকা স্বর্নালংকার লুট করে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে রুমের ভিতরে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে সিজার (কাঁচি) দিয়ে লোহার সীটের দরজা ছিদ্র করে বাইরে থেকে দরজার ভিতরের হ্যাজভোল্ট লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে তারা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে এবং আগুনের ধোঁয়া দেখে বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজন তাদের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নেভায় এবং মিজানুর রহমান বাচ্চু, স্বপ্না বেগম এবং জান্নাতুলের মরদেহ উদ্ধার করে। হত্যার পরে আসামীরা হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা জানান, মামলাটির তদন্ত শেষে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত হাতুড়ি, পুতুল এবং সিজার (কাঁচি) উদ্ধার করা হয়েছে।