আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে পঞ্চাশোর্ধ এক সবজি বিক্রেতা কর্তৃক ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটি আহত অবস্থায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে  বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ।

এর আগে গত শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে বাড়ীর পাশের জমির একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে রতন কুমার সাহা নামের ওই সবজি বিক্রেতা।

অভিযুক্ত রতন কুমার সাহা (৫৫) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে। সে পেশায় একজন সবজি বিক্রেতা।

এই বিষয়ে শিশুটির মা সীমা বেগম ঢাকা মেইলকে বলেন, আমার মেয়েকে রতন সাহা ধর্ষণ করার পর বাসায় এসে গুরুতর অসুস্থ হয়ে যায়।

পরে আমরা স্থানীয় ঠান্ডু মেম্বারকে বিষয়টি জানালে তিনি আমাকে আর অভিযুক্ত রতন সাহাকে ডেকে আমার হাতে ৫ হাজার দিয়ে মহিলা মেম্বার রওশনারা আক্তার এবং অভিযুক্ত রতন সাহার ছেলে লিটন সাহাকে সঙ্গে করে হাসপাতালে পাঠায়। তারাই সেখানে চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন।

তিনি আরো জানান, ঠান্ডু মেম্বার আমাকে বলেছিলেন আমার মেয়ে সুস্থ হলে বিষয়টি তিনি মিমাংসা করে দিবেন।

কিন্তু তারা আমার মেয়ের আর কোন খোঁজ খবর নেয়নি তাই আজকে থানায় এসেছি অভিযোগ করতে। আমি আমার মেয়ের অপমানের সুষ্ঠু বিচার চাই।

এই বিষয়ে নান্নার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঠান্ডুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি মীমাংসা চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন,

ঘটনার পরদিন বিষয়টি নিয়ে উভয়পক্ষ আমার কাছে এসেছিলো। পরে আমি আহত শিশুটিকে অভিযুক্তের কাছ থেকে দুই হাজার এবং আমার নিজ থেকে তিন হাজার টাকা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাই।

বিষয়টি পুলিশকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আজকে জানিয়েছি। তবে ঘটনা জানার সাথেসাথে পুলিশকে না অবহিত করে চারদিন পর কেন জানালেন এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এই বিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ভুক্তভোগী শিশুটির মা মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ