নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ের নিখোঁজের ১৪ দিনেও খোঁজ মেলেনি শাকিল আহাম্মেদ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর। তিনি ১৪ দিন আগে একটি বইসহ বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেন নি। তার পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনছেন মা।
সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান। এর আগে গত ৭ মার্চ সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
নিখোঁজ শাকিল আহাম্মেদ ধামরাইয়ের কুশুরিয়া ইউনিয়নের বাউজা মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মাঝে মধ্যেই তিনি রাতে বাসা থেকে বের হয়ে পর দিন সকালে বাসায় ফিরতেন। তবে এবার আর ফিরে আসে নি।
শাকিলের বড় ভাই রুবেল আহাম্মেদ বলেন, গত ৭ মার্চ সন্ধ্যায় একটি বই হাতে নিয়ে শাকিল বাসা থেকে বের হয়ে যায়। সে লুঙ্গি পড়ে তার ব্যবহৃত মোবাইল রেখেই বের হয়ে যায়। মাঝে মধ্যেই রাতে বের হয়ে পরদিন সকালে ফিরে আসতো শাকিল। তাই রাতে তেমন গুরুত্ব দেয় নি পরিবার। তবে পরের দিন ৮ মার্চ ফিরে না আসায় তার খোঁজ শুরু করে পরিবার।
কিন্তু সকল আত্মীয়স্বজনের বাড়িতে ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায় নি। পরে ৯ মার্চ ধামরাই থানায় নিখোঁজ ডায়েরি করেন শাকিলের ভাই রুবেল। তবে নিখোঁজ ডায়েরির ১৩ দিন অতিবাহিত হলেও শাকিলের সন্ধান কিংবা কোন সূত্র খুঁজে পায় নি পুলিশ।
এদিকে শাকিলের মা তার সন্তানের পথ পানে চেয়ে আছেন। তিনি শাকিলের শোকে পাগল প্রায়। তিনি দ্রুত তার সন্তানকে তার বুকে ফিরে ফিরে চান। এব্যাপারে পুলিশকে জোড়ালো ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান বলেন, শাকিলের ভাই এব্যাপারে একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
আমরা নিখোঁজ কলেজছাত্র শাকিলের সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। আশা করছি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।