নিজস্ব প্রতিবেদক :
৭২ ঘন্টার মধ্যে অবৈধ অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা চালিয়ে ২ টি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশনা প্রদান করেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২৮মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্টিফিকেট ছাড়া চিকিৎসক পরিচয়ে ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে ধামরাই বাজার এলাকার রুমা ডেন্টাল কেয়ার এবং মামুন ডেন্টাল কেয়ার নামের দুটি ক্লিনিক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া অনিবন্ধিত ও মেডিকেল টেকনোলোজিস্ট না থাকায় আবির ডায়াগনস্টিক সেন্টার এবং প্রয়োজনীয় কাগজ নবায়ন না করায় ও ল্যাব স্যাতস্যাতে ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে সন্ধানী এক্সরে অ্যান্ড প্যাথলজির কার্যক্রম বন্ধ করে ল্যাব ও আনুষাঙ্গিক বিষয়ে মানোন্নয়নসহ অনলাইন নিবন্ধন সম্পন্ন করে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন,
অভিযান চালিয়ে অনিবন্ধিত, নবায়ন অযোগ্য এবং ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা প্রদানের দায়ে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। ধামরাইয়ের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।