আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ধলঘাটা প্রধান সড়কের বেহাল দশা

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর উপদ্বীপ ধলঘাটা ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা । সড়কে চলাচলের অনুপযোগী হলেও দেখার যেন কেউ নেই । মহেশখালীকে ঘিরে বর্তমান সরকারের উন্নয়নের মহাযজ্ঞ শুরু হলেও এখনো অবহেলিত রয়েছে প্রত্যন্ত জনপথ । তার মধ্যে সব চেয়ে বেশী অবহেলিত রয়েছে ধলঘাটা ইউনিয়নবাসি ।

বর্তমানে এই দ্বীপে কয়লা বিদ্যুৎ প্রকল্প সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে পুরোদমে । ধলঘাটার দক্ষিণে প্রাকৃতিক ভাবে জেগে উঠা বিশাল হাঁসের চরটি দখল করে সেখানেও চলছে উন্নয়ন প্রকল্পের কাজ । হাঁসের চরে বিশালাকার প্যারাবন নিধন করে বেজা কর্তৃক অর্থনৈতিক জোন সহ বিভিন্ন প্রকল্প এখন গ্রাস করে পুরো ধলঘাটা ইউনিয়ন ।

দেশের একমাত্র আধুনিক ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ হবে এই ধলঘাটায় । এতো উন্নয়ন তবুও এই জনপদের মানুষ গুলো রয়েছে অবহেলিত ও অসহায়ত্ব ভাবে । ধলঘাটায় যাতায়াতের জন্য দুইটি পথ থাকলেও উভয় পথেই চরম নাজুক অবস্থা ।

প্রথমত বদরখালী থেকে মহেশখালী উত্তর নলবিলা-চালিয়াতলী হয়ে মাতারবাডী ঢুকে কয়লা বিদ্যুৎ প্রকল্প দিয়ে সরাসরি সড়ক পথে যেতে হয় ধলঘাটা । দ্বিতীয়ত হচ্ছে কালারমারছড়ার পশ্চিমে নৌকায় দিয়ে যাওয়া যায় এই ইউনিয়নে ।

মাতারবাডী লাগোয়া ধলঘাটার উত্তর প্রান্ত থেকে দক্ষিণে সুতুরিয়া বাজার পর্যন্ত ধলঘাটা ইউনিয়নের একটি মাত্র সড়ক । ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে লন্ড ভন্ড হয়ে যায় এই সড়কটি । মুলত তখন থেকেই অদ্যবদি এই সড়কটি নির্মাণের কোন উদ্যোগ গ্রহন করেনি কোন সরকার । এই জরাজীর্ণ কাঁদা যুক্ত সড়ক দিয়েই চলাচল করছে ধলঘাটাবাসি ।

গ্রীষ্মকালে যেমন তেমন বর্ষায় বৃষ্টির সময় এই সড়ক দিয়ে পায়ে হেটে চলাচল করতেও দায় । বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও সরকারের উপরের মহল থেকে সড়কটি টেকসই ভাবে নির্মাণের আশ্বাস দিলেও অদৃশ্য কারনে ফাইলবন্দি হয়ে যায় সংশ্লিষ্ট দপ্তরে । ফলে আর নির্মাণ করা হয় না এই সড়কটি ।

সেই ৯১ সাল থেকে অদ্যবদি সিমাহীন দুর্ভোগ নিয়ে চলাচল করে আসছে ধলঘাটাবাসি । এব্যাপার স্থানীয় অনেকের সাথে কথা বললে তারা আক্ষেপ করে বলেন , সড়ক নিয়ে কষ্ট যা পাওয়ার তাতো বিগত ৩০ বছরে পেয়ে গেছি । আর এখন উন্নত সড়ক দিয়ে কি করব । ধলঘাটার জায়গা তো প্রায় নিয়ে যাচ্ছে , এখানে স্থানীয় কোন লোকই থাকতে পারবে তাহলে সড়কের কি দরকার ।

ধলঘাটা থেকে মাতারবাডী বা বিভিন্ন এলাকায় যেতে হলে আমাদের কে কয়লা বিদ্যুৎ প্রকল্প দিয়ে যেতে হয় , ফলে প্রকল্প লাগোয়া নাছির মোহাম্মদ ডেইল স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও গাড়ীর সন্ধান পাওয়া যায় না । এ কারনে অনেক সময় রোগী নিয়ে জরুরী হাসপাতাল যেতে হলে সিমাহীন বেকায়দায় পড়তে হয় ধলঘাটাবাসিকে ।

আর গাড়ী মিললেও ধলঘাটা নাছির মোহাম্মদ ডেইল থেকে মাতারবাড়ী সাইরার ডেইল যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত । এটি মুলত ১৫ মিনিটের পথ হলেও কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুর্ব পাশে কোহেলীয়া নদীর পাড় হয়ে মাতারবাড়ী সাইরার ডেইল আসতে সময় লেগে যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত । মাতারবাড়ী – ধলঘাটায় এতো উন্নয়ন তবুও দূর্ভোগ যেন পিছু ছাড়ছে না তাদের ।

এদিকে এসব দূর্ভোগ নিয়ে বিভিন্ন সময় সাধারণ জনগন প্রতিবাদ জানালেও এনিয়ে কোন জনপ্রতিনিধি বা সরকার দলীয় কোন রাজনৈতিক নেতা জোরালো ভাবে প্রতিবাদ করেনি , এমটি অভিযোগ করেছেন স্থানীয় লোকজন ।

ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন , সুতুরিয়া বাজার থেকে নাছির মোহাম্মদ ডেইল পর্যন্ত সড়কটি গত বছর প্রায় ১৮/২৪ ফুট প্রসস্থ করে টেকসই ভাবে সংস্কার করা হয়েছিল । কিন্তু গেল ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে সাগর থেকে পানি প্রবেশ করে বিভিন্ন জায়গায় বিলিন হয়ে যায় সড়কটি ।

সড়কে কিছু অংশ ভাল থাকলেও উত্তর সুতুরিয়া এলাকায় চিংড়ি প্রজেক্টের ইজারাদাররা প্রজেক্টে অতিরিক্ত পানি বন্ধি রাখার কারনে উক্ত স্থানে সড়কের ভাঙ্গন সৃষ্টি হয়েছে । বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে বলেও জানান । চেয়ারম্যান কামরুল হাসান আরো জানান , সুতুরিয়া থেকে নাছির মোহাম্মদ ডেইল পর্যন্ত সড়কটি অত্যাধুনিক ভাবে নির্মাণে জন্য জাইকা ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা রয়েছে ।

একারনেও এলজিইডি অফিস সড়কটি নির্মাণে হাত দিচ্ছে না বলে মনে করেন তিনি । তবে যে ভাবে হউক ধলঘাটাবাসির কল্যাণে সড়কটি যাতে দ্রুত টেকসই নির্মাণ করা হয় সে ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক সহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন তিনি ।

মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান , ধলঘাটা সড়কটি আমি বেশ কয়েকবার পরিদর্শন করেছি । আসলে সড়কটির খুবই নাজুক অবস্থা , সড়কটি টেকসই ভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে । আপাতত তিন কিলোমিটার সড়কটি সংস্কার করা হবে , এজন্য আগামী সপ্তাহে  সার্ভেয়ার পাঠানো হবে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ