গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ
দীর্ঘ দেড় যুগ পর চালু হতে চলেছে ঠাকুরগাঁও রেশম কারখানা। জেলা প্রশাসনের উদ্যোগে এ কারখানা মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি চালু হলে জেলার প্রায় পাঁচ হাজার রেশম চাষী কাজের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।বৃহস্পতিবার (৪ মার্চ) শহরের গোবিন্দনগরস্থ ঠাকুরগাঁও রেশম কারাখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ। বেশ কয়েকটি ভবন রঙ করা হয়েছে। মেশিনগুলো পরিষ্কার করে সুতা লাগিয়ে কাপড় বোনা পরীক্ষা করা হয়েছে।রেশম কারাখানার ঠাকুরগাঁও জোনাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. সুলতান আলী জানান, বর্তমানে কারখানাটি মেরামত চলছে। এর মধ্যে ২০টি পাওয়ার লুম, ২০টি তাঁত রয়েছে। এছাড়া পাওয়ার লুম ও হ্যান্ড লুমগুলোও সচল করা হয়েছে।গত ছয় মাস আগে কারখানাটি চালুর জন্য পরিষ্কার করতে দরপত্র আহ্বান করা হয়। রাজশাহী জেলার আশরাফুল ইসলাম নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ১৩ লাখ টাকায় এ কাজ পান। তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। তবে চালুর জন্য বেশ কয়েকটি ধাপ পার করতে হবে বলে জানান এ কর্মকর্তা। সহকারী পরিচালক আরও জানান, বর্তমানে রেশম কারখানায় জোনাল কার্যালয়ের সহকারী পরিচালক একজন, ৩০০ টাকা মজুরি হিসেবে দৈনিক ভিত্তিক চার জন নৈশপ্রহরী ও একজন পরিচ্ছন্নতা কর্মী কর্মরত রয়েছেন। মার্চ মাসের মধ্যেই মেরামত কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এ বিষয়ে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, তৎকালীন সরকারের অদূরদর্শিতার কারণে বন্ধ হয়ে যায় কারখানাটি। কারখানাটি চালুর জন্য ইতিমধ্যে জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি উত্থাপিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়।জেলা প্রশাসক আরও জানান, এক সময় ঠাকুরগাঁওয়ের এ কারখানায় মসৃণ সিল্ক কাপড় উৎপাদিত হত। কিন্তু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় পাঁচ হাজার রেশম চাষী বেকার হয়ে পড়েন। পুনরায় কারখানাটি চালু হলে এতে জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। এ জন্য এটি চালু করা জরুরি।