আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

দুই বছরের জন্য বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম মন্ডল

সাভার প্রতিনিধি:

সাভারের বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ে আগামী দুই বছরের জন্য ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে স্কুল কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডল।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্কুলটির ম্যানেজিং কমিটিতে নির্বাচিত সকল সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করেন।

এর আগে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের পর নির্বাচিত পাঁচজনের সকলেই পূর্ণ সমর্থন দিয়ে ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডলকে স্কুল কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। আশা করি আগামী দুই বছর তার দায়িত্বে আমরা প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব।

ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা জানান, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বেও এলাকার উন্নয়নে তিনি অনেক ভূমিকা রেখেছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত কয়েক মাসে তিনি হিন্দু-মুসলিম

নির্বিশেষে ইউনিয়নবাসীর জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বিগত দিনে তিনি জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে ২৫ লক্ষ টাকায় স্কুলে তিন তলা ভবনের কাজ করেছে।

তাই স্কুলের সার্বিক উন্নয়নের জন্য তার উপর আস্থা রেখে তারা তাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। তার নেতৃত্বে এই কমিটি ছাত্র-ছাত্রীদের জন্য সুন্দর একটি শিক্ষার পরিবেশ‌ তৈরি করে স্কুলটির উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সদস্যরা।

স্কুল কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডল বলেন, এই মুহূর্তে বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের আরেকটি সম্প্রসারিত ভবন নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে জেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ করা হবে।

প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সকল অবকাঠামো নির্মাণ করে স্কুলের সুন্দর একটি পরিবেশ নিশ্চিতের চেষ্টা করব। এছাড়া তাকে স্কুল কমিটির সভাপতি নির্বাচিত করায় কমিটির সকল সদস্য ও অভিভাবকদের প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডলকে বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের কমিটিতে সভাপতি নির্বাচিত করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ