আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঠাকুরগাঁওয়ে মরিচের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ে গত বছর মরিচের ভালো দাম পাওয়ায় এ বছর জেলায় ব্যাপক মরিচ চাষ করেছে কৃষক। নিয়মিত মরিচ ক্ষেতের পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। তবে শুকনা মরিচের বাজার ভালো না থাকায় দুচিন্তায় পড়েছে এ জেলার মরিচ চাষিরা। ঠাকুরগাঁও জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এ জেলায় মরিচ আবাদ হয়েছে এক হাজার ২৯৪ হেক্টর জমিতে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, করোনার সংক্রমণের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা থেকে ব্যাপারীরা আসতে না পারায় মরিচের দাম গত বছরের চেয়ে অনেকটাই কমেছে। আর কৃষকরা জানান, প্রতি বছর এই সময়টাতে মরিচের দাম ভালো পেতেন। কিন্তু এবার করোনার কারণে অজুহাত দেখাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পীরগঞ্জ উপজেলার ঘিডোব গ্রামের কৃষক প্রদিব রায় বলেন, ‘গত বছর উৎপাদন ও দাম ভালো পাওয়ায় এবার বেশি জমিতে মরিচ আবাদ করি। এ বছরে ফলন ভালো হলেও দামে দুচিন্তায় আছি। অথচ গত বছর যেখানে এক মণ শুকনা মরিচ বিক্রি করেছি ৭ হাজার টাকা, এবার তা বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ৩ হাজার টাকায়। মরিচের দাম না বৃদ্ধি না পেলে আগামী বছর মরিচের আবাদ কমিয়ে দিতে হবে।’ একই কথা বলেন ওই গ্রামের রাজকুমার রায়, মুনিরাম বর্মন।

হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের কৃষক মো. সুমন ইসলাম বলেন, ‘গত বছর দাম পাওয়ায় এবার ৩ একর জমিতে মরিচ চাষ করেছি। বর্তমানে এক কেজি কাঁচামরিচ ২০-২৫ টাকা এবং মণ ৭০০ টাকা বিক্রি হচ্ছে। এই দাম চলতে থাকলে খরচ উঠানোটাই দায় হয়ে উঠবে।’ তবে তিনি এবার কাঁচামরিচ বিক্রি করেননি। কিন্তু বাজারে শুকনা মরিচের দামও কম হওয়ায় হয়তো লোকসান গুণতে হবে বলে জানান সুমন ইসলাম।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু হোসনে বলেন, ‘এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে। এ এলাকায় বিন্দু, জিরা, বাঁশগাড়াসহ নানা জাতের মরিচের চাষ হয়ে থাকে। এ এলাকার চাহিদা মিটিয়ে এ জেলার মরিচ বিভিন্ন এলাকায় যায়।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ