গভীর রাতে টিনের চাল কেটে মা ট্রেডার্স নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জের নয়াহাট বাজারের সৌদিয়া মার্কেট এলাকায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সংঘটিত হয়েছে বলে ধারণা করেছেন ব্যবসায়ীরা।
জানা যায়, নয়াহাট বাজারের পশ্চিমে সৌদিয়া মার্কেট এলাকায় সিলভার, ক্রোকারিজ ও খেলনা সামগ্রীর ব্যবসায়ী আক্তার হোসেন মালামাল কেনার জন্য ২৭ অক্টোবর ঢাকায় যায়। ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানের কর্মচারীরা প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। ২৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭টায় দোকান মালিক আক্তারের ভাই খোরশেদ খুলে দেখে পুরো দোকান এলোমেলো হয়ে আছে।
উপর দিকে নজর করে দেখে একপাশে টিন কাটা। তখনই সে দোকানের মালিক তার ভাই আক্তারকে কল করেন এবং বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীদের অবগত করেন। এদিকে কল পেয়ে মালিক আক্তার দ্রুত দোকানে চলে আসে।
এসে দেখে দোকান থেকে কে বা কারা যেন দামি দামি জিনিসগুলো বাছাই করে পিছনের দরজা ভেঙে নিয়ে গেছে। তাছাড়া দোকানের ৪টি ক্যাশের তালা ভেঙে ফেলেছে নগদ টাকার আশায়। আক্তার জানায়, ঢাকায় মাল কিনতে যাওয়ায় দোকানের ক্যাশে তেমন টাকা ছিল না। এজন্য ক্যাশে থাকা নগদ মাত্র ২ হাজার টাকা নিতে পেরেছে দুর্বৃত্তরা।
অপর এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, দোকানে থাকা দামি দামি হাতঘড়ি, দেয়াল ঘড়ি, রেকসিন, রিমোর্ট কন্ট্রোল দামি খেলনা গাড়ি, ব্যাগসহ আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে তা বলতে পারছি না। দোকানে সিসি ক্যামেরাও ছিল না।
আক্তার আরও জানান যে, দোকানে একটি প্লায়ার্স ও একটি ধারালো এন্টিকার্টার পাওয়া গেছে। যেগুলো তাদের দোকানের নয়। ধারণা করা হচ্ছে চোরেরা চুরির কাজে এগুলো ব্যবহার করে তাড়াহুড়া করে এগুলো ফেলে গেছে। তাছাড়া দোকানে বসে তারা সিগারেটও খেয়েছে।
সিগারেটের গোড়ার পোড়া অংশ পাওয়া গেছে। এবং টিনের চালা কাটার সময় হয়তো তাদের কারো হাত কেটে গিয়েছিল, এজন্য রক্তমাখা একটি কাপড়ের টুকরো পাওয়া গেছে দোকানের ভিতরে।
জনৈক বাজার ব্যবসায়ী জানান, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরেরা চুরির সুযোগ পাচ্ছে। বাজারে মূল অংশে নাইটগার্ড ছিল। তারা এদিকটায় আসে না। আমাদের সৌদিয়া মার্কেট এলাকায়ও নিরাপত্তা জোরদার করলে ভবিষ্যতে চুরি কমবে। এর আগেও আক্তারের কিছু জিনিস চুরি হয়েছিল।
চুরির ঘটনায় নিরাপত্তাহীনতা ভুগছেন উল্লেখ করে প্রশাসন ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত আক্তার। মা ট্রেডার্সের মালিক আক্তার হোসেন এখনও থানায় কোনো অভিযোগ করেননি, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্তের সঙ্গে আলাপ করে জানা গেছে তিনি অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে নয়াহাট বাজার ব্যবসায়ী (অস্থায়ী) কমিটির সদস্য ডা. মহিউদ্দিন আলমগীর জানান, ‘বাজারে আরও কয়েকজন নাইটগার্ড দরকার। মাত্র একজন নাইটগার্ড দিয়ে এতবড় একটা বাজার নিরাপত্তায় রাখা দুষ্কর। আক্তারের দোকানে চুরির ঘটনাটি দুঃখজনক।
এভাবে প্রায়সময় বাজারের বিভিন্ন দোকানে চুরি হচ্ছে। বাজারের স্থায়ী কোনো কমিটি নেই। যদি কমিটি থাকতো তাহলে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার ভূমিকা রাখতে পারতো। আমি চাই আক্তারের দোকানের চুরির ঘটনায় রহস্য উদঘাটন হোক। তাকে থানায় অভিযোগ করতে বলেছি।’