নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখল নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং নামক একটি পোশাক কারখানার ঝুট দখল নিয়ে এ ঘটনা ঘটে।
ঝুট ব্যবসায়ী আমিন মাদবর বলেন, ওই কারখানার ঝুট ব্যবসা আমারই ছিল। আমি কাইয়ুম, সবুজসহ কয়েক জনকে ব্যবসা দিয়েছিলাম। যে তারা ব্যবসা করুক। তবে ইউনিয়ন কাইয়ুম যুবলীগের পদ পাওয়ার পর একাই ব্যবসা শুরু করে।
সবুজসহ অন্যান্যদের ভাগ দেয় না। সবুজ আজ কারখানায় গেলে কাইয়ুমের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে কারখানার সামনে গিয়ে সবুজের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় সবুজের আঙ্গুল কেটে দেয় তারা। প্রায় চার থেকে ৫ জন আহত হয়। তিনি বলেন, কাইয়ুমের কাছেই অস্ত্র থাকে, কোন কিছু হতে না হতেই সে অস্ত্র বের করে মোহড়া দেয়।
ঝুট ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম বলেন, আমি প্রতিদিনের মত আজ ঝুট বের করতে যাই কারখানার সামনে।
এসময় আমিন মাদবর, সবুজ, আরাফাত, রাজু, হাসান, সিজানসহ বেশ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমার ৪ থেকে ৫ জন লোক আহত হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ঝুট ব্যবসা দখল নিতে এর আগেও ওই কারখানার সামনে অস্ত্র নিয়ে মোহড়া দেয় যুবলীগ নেতা কাইয়ুম ও তার সহযোগীরা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।