জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে জহিরুল ইসলাম মির্জা (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪৯ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে শাবাব সবুজ অর্ণব (ইতিহাস বিভাগ, ৫০ ব্যাচ) নির্বাচিত হয়েছেন।
আজ (২৭ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম মাহমুদ, আবু রুম্মান, মো. মাসুদ রানা, মো. সালাউদ্দিন, লামিয়া ইসলাম প্রত্যাশা, জান্নাতুল নাঈম শাহরিন, কাশপিয়া তাহসিন, আয়শা সিদ্দিকা খান সায়মা, জান্নাতুল ফেরদৌস সামিরা ও মাহিব আহমেদ চৌধুরী।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম মির্জা বলেন, “চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।”
তিনি আরও বলেন, “আমাদের নতুন কমিটির প্রধান পরিকল্পনার মধ্যে রয়েছে—চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা, আনন্দ ভ্রমণ আয়োজন করা এবং ক্যারিয়ার বিষয়ক কর্মশালা আয়োজন করা। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণই আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণব বলেন, “আমরা সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শিক্ষার্থীবান্ধব করতে চাই। শিক্ষার্থীদের যেকোনো সংকটকালে পাশে থেকে সহায়তা করা আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য হলো সকলের জন্য একটি সমৃদ্ধ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা।”