নিজস্ব প্রতিবেদক :
প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রজাপ্রতি মেলা-২০২১’ অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর।
‘উড়লে আকাশে প্রজাপ্রতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলার আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মনোয়ার জানান, এবছর করোনা পরিস্থিতির কারনে মেলা জুড়ে বাড়তি সতর্কতা থাকবে। অন্যান্য বছরের ন্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন থাকবে।
প্রজাপ্রতি প্রদর্শন সম্পর্কে তিনি জানান, মেলা প্রাঙ্গনের সামনে অস্থায়ীভাবে বিভিন্ন প্রজাতির প্রজাপতি দর্শনের আয়োজন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে জীবন্ত প্রজাপ্রতি দর্শনের ব্যবস্থা থাকবে।
করোনা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার একটি বিরূপ ফলাফল। সেই জায়গা থেকেও মানুষের প্রকৃতির প্রতি, প্রজাপ্রতির প্রতি সচেতন হওয়া উচিৎ। প্রাণ-প্রকৃতির প্রতি গণ সচেতনতা বৃদ্ধি করা এবারের প্রজাপ্রতি মেলার অন্যতম উদ্দেশ্য বলে জানান অধ্যাপক মনোয়ার।
এবারের মেলার ‘বাটার ফ্লাই এ্যাওয়ার্ড’ কারা পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে প্রকৃতি ও প্রজাপ্রতি সংরক্ষণ এবং গণসচেতনায় বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে এমন ব্যক্তিদেরই এ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হবে।
প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপ্রতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজাপ্রতি মেলা অনুষ্ঠিত হয়। গতবছর করোনা পরিস্থিতির কারনে মেলা হয়নি। এবছর মেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুমতি নেয়া হয়েছে।