নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় মাছের আড়তে নিষিদ্ধ জেলিযুক্ত চিংড়ি ও জাটকা মাছ বিক্রির দায়ে তিন মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ জাটকা মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বৃহস্প্রতিবার (০৩ মার্চ) সকালে আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইল মাছের আড়তে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন জানান, তাদের কাছে খবর আসে মাছের আড়তে বিক্রয় নিষিদ্ধ জাটকা ও জেলি যুক্ত মাছ বিক্রি হচ্ছে। পরে নয়ারহাট ও বাইপাইর মাছের আড়তে গিয়ে ১০ কেজি পরিমান জাটকা ও ৩০ কেজি পরিমান জেরিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।
আর এই মাছগুলো বিক্রির দায়ে তিনজন মাছ বিক্রেতাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত জাটকা আশুলিয়া থানা সংলগ্ন আশরাফিয়া আবাসিক মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জেলিযুক্ত চিংড়ি নষ্ট করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল হাসান সরকার, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবিরসহ প্রমুখ।