মোঃ সুমন ইসলাম,
রংপুর প্রতিনিধি :
র্যাব কর্তৃক নীলফামারী সদর উপজেলাধীন এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র রংপুরের সামরিক শাখার প্রধানসহ ০৫ সদস্য গ্রেফতার।আইইডিসহ বিপুল পরিমান বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।
পতিষ্ঠালগ্ন থেকে র্যাব ম্যানডেটের আলোকে জঙ্গি দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এলিট ফোর্স র্যাব। প্রতিষ্ঠা হতে এ পর্যন্ত ২,৬৫৪ জন বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদেরকে গ্রেফতার করেছে র্যাব ।
তার মধ্যে ১,৩৮৯ জন জেএমবি সদস্য। র্যাবের অভিযানে গ্রেফতার হয় জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আব্দুর রহমানের ভাই, আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়ালসহ বেশ কয়েকজন জঙ্গি নেতা।
২০০৭ সালে তাদের ফাঁসি কার্যকর হয়। অতঃপর তেমন উল্লেখযোগ্য জঙ্গি হামলা সংঘঠিত হয়নি। ২০১৬ সালের হলি আর্টিজান হামলার মাধ্যমে পুনরায় জঙ্গি সংগঠনের অস্তিত্ব প্রকাশ পায়।
হলি আর্টিজান ঘটনা পরবর্তী র্যাব জঙ্গিদের গুরুত্বপূর্ণ নেতা, সক্রিয় সদস্য ও হামলার চার্জশীটভূক্ত আসামী গ্রেফতারে সক্রিয় ছিল। হলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী ও তৎকালীন জঙ্গি সংগঠন জেএমবি এর আমির সারোয়ার জাহান @ আসীম আজোয়াত @ মানিক সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে র্যাব।
র্যাবের অভিযানে কেন্দ্রীয় দাওয়াতি শাখা প্রধান, সূরা ও শরীয়া বোর্ড সদস্য, মহিলা শাখার নেতৃবৃন্দ এবং বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ আইটি বিশেষজ্ঞকে গ্রেফতারের মাধ্যমে জঙ্গি সংগঠনকে দূর্বল করে দেয় র্যাব।
এভাবে র্যাবের সময়োচিত পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারিতে অঙ্কুরেই নসাৎ করে দেয়া হয় জঙ্গি হামলা এবং হামলার সকল পরিকল্পনা। হলি আর্টিজান পরবর্তীতে র্যাবের কর্মতৎপরতায় ১,৪৯৬ জঙ্গি সদস্য গ্রেফতার হয়; তন্মধ্যে ৮১৬ জন জেএমবি সদস্য। এছাড়া অভিযানে নিহত হয় বেশ কয়েকজন জঙ্গি সদস্য।
জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর “জিরো ট্রলারেন্স” নীতির আলোকে র্যাব জঙ্গি বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর কর্মতৎপরতায় এই সাফল্য অর্জিত হয়েছে।
র্যাব ফোর্সেস এর কর্মতৎপরতায় রয়েছে জঙ্গি সম্পর্কীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তথ্য ভিত্তিক রোবাস্ট অপারেশন পরিচালনা করা; ক্রমাগত নিজস্ব গোয়েন্দা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা, জঙ্গিবাদে অন্তর্ভূক্তি প্রতিহত করণ;
জঙ্গিবাদ বিরোধী প্রচারণা ও জনমত গড়ে তোলা এবং জনগনকে জঙ্গি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা। এছাড়া জঙ্গি আত্মসমর্পণ ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহন করে র্যাব। “র্যাব ডি-রেডিক্যালাইজেশন এ্যান্ড রিহ্যাবিলিটেশন” এর আওতায় ইতিমধ্যে ১৬ জন শীর্ষ স্থানীয় জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
বর্তমানে জঙ্গিবাদ বাংলাদেশে একটি পরাজিত শক্তি। আইন-শৃঙ্খলা বাহিনীর উপর্যূপরি জঙ্গি বিরোধী অভিযান ও কর্মতৎপরতার ফলে জঙ্গিদের তৎপরতা প্রায় শুন্যের কোটায়। তথাপিত্ত র্যাব আত্মতুষ্টিতে ভূগছে না। আমরা আমাদের গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছি।
র্যাব সাইবার মনিটরিং সেল ভার্চুয়াল জগতে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে অনুসন্ধান অব্যহত রাখছে। র্যাব সাইবার মনিটরিং সেল অন-লাইনে নীলফামারীতে জঙ্গিদের সন্দেহোজনক গতিবিধি লক্ষ করে।
এরই ধারাবাহিকতায় গত রাত হতে অদ্য সকাল ১১টা পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৩ এর অভিযানে নীলফামারী সদরের মাঝাপাড়া হতে জেএমবি’র নীলফামারীর রংপুর অঞ্চলের জেএমবির সামরিক শাখার প্রধান আহিদুল ইসলাম @ আহিদ @ পলাশ (২৬),
পিতা-মৃত মকবুল হোসেন, সাং-উত্তর মুশরত কুখাপাড়া, থানা ও জেলা-নীলফামারী এবং তার অন্যতম সহযোগী (১) মোঃ ওয়াহেদ আলী @ আব্দুর রহমান (৩০), পিতা-মোঃ ওয়াজ্জুউদ্দীন মাসুদ, সাং- পশ্চিম কুচিয়ামোড় পাঠানপাড়া, থানা ও জেলা-নীলফামারী, (২) আব্দুল্লাহ আল মামুন @ ডাঃ সুজা (২৬), পিতা-মোঃ তছলিম উদ্দিন, সাং- দক্ষিণ বালাপাড়া, থানা ও জেলা-নীলফামারী, (৩) মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ @ জোবায়ের (২৭), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-উত্তর মুশরত কুখাপাড়া, থানা ও জেলা-নীলফামারী এবং (৪) মোঃ নূর আমিন @ সবুজ (২৮), পিতা-মৃত রজব আলী, সাং- সোনারাই কাচারীপাড়া, থানা ও জেলা নীলফামারীদেরকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে জব্দ করা হয় বোমা তৈরীর সরঞ্জাম, বোমা তৈরীতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, ০১টি অস্ত্র (পিস্তল), ০১টি ম্যাগাজিন ০৫ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জামাদী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, গ্রেফতারকৃত জঙ্গিরা জেএমবি’র সামরিক শাখার সদস্য। সামরিক শাখার কার্যক্রমের অংশ হিসেবে তারা; আইইডি তৈরি ও আইইডি তৈরি করার প্রশিক্ষণ অনুশীলন এবং নাশকতামূলক হামলার প্রস্তুতি গ্রহণ করেছে।
বিগত ২/৩ মাস পূর্বে জঙ্গি আহিদুল ইসলাম @ আহিদ @ পলাশ এর বাড়ীতে ইম্প্রভাইজড এক্সপ্লোসিভস ডিভাইস (আইইডি) তৈরী করছিল। উক্ত বোমা তৈরীর সময় গভীর রাতে বোমা বিস্ফোরিত হয়ে আহিদুল এর বাড়ীতে আগুন ধরে যায়। তারা ইন্টারনেটের বিভিন্ন ওয়েব পেইজ দেখে কিভাবে বোমা তৈরী করতে হয় এ বিষয়ে প্রশিক্ষণ লাভ করে। জেলখানায় অন্তরীন থাকা শীর্ষ জঙ্গিদের জেলখানা হতে আদালতে নিয়ে যাওয়া আসার পথে হামলা চালিয়ে তাদেরকে মুক্ত করা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থাপনায় বোমা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তারা এই বোমাগুলো তৈরি করছিল। গ্রেফতারকৃতরা জানায়, তারা অনলাইনে রংপুর অঞ্চলের আমিরের নির্দেশনায় বেশ কয়েকদিন যাবৎ আইইডি তৈরী করে জঙ্গি শরীফ এর বাড়ীতে রাখে।
তারা রংপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০-২৫ জনকে জঙ্গি সংগঠনের অন্তর্ভুক্ত করে। তাদের মাধ্যমে রংপুর অঞ্চলের বেশ কয়েকজন শ্রমিক, অটোচালক, টেইলার ইত্যাদি শ্রেণীর পেশাজীবীদের জঙ্গিবাদে অন্তর্ভূক্ত হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত জঙ্গি আহিদুল ইসলাম @ আহিদ @ পলাশ একটি খেলনা প্রস্তুতকারক কোম্পানীর কোয়ালিটি চেকার চাকরীর আড়ালে সে জেএমবি’র সাথে সম্পৃক্ত। সে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। সে জেএমবি’র রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান। সে ২০১৫ সালে জেএমবি’তে যোগ দেয়। সে রংপুর অঞ্চলের আঞ্চলিক নেতা হতে বায়াত গ্রহণ করে। সে অত্র অঞ্চলে জেএমবি’র সামরিক শাখার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত অপর জঙ্গি সদস্যরা (১) মোঃ ওয়াহেদ আলী @ আব্দুর রহমান, (২) আব্দুল্লাহ আল মামুন @ ডাঃ সুজা, (৩) মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ @ জোবায়ের, (৪) মোঃ নূর আমিন @ সবুজ সকলেই বিভিন্ন পেশার আড়ালে জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তারা গ্রেফতারকৃত জঙ্গি মোঃ আহিদুল ইসলাম এর মাধ্যমে গত ২/৩ বছর পূর্বে জেএমবি’তে যোগদান করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন @ ডাঃ সুজা একজন গ্রাম্য ডাক্তার এবং তার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এমএটিএস। গ্রেফতারকৃত মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ @ জোবায়ের একটি খেলনা তৈরীকারক কোম্পানীর সুপারভাইজার এবং তার শিক্ষাগত যোগ্যতা দাখিল। গ্রেফতারকৃত মোঃ ওয়াহেদ আলী @ আব্দুর রহমান একটি কোম্পানীর লেবার এবং মোঃ নূর আমিন @ সবুজ বেসরকারী চাকুরীজীবি এবং তার শিক্ষাগত যোগ্যতা আলীম পর্যন্ত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।