নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীকে ধাওয়া করে নিজেই ধরে থানায় নিয়ে গেল পোশাক শ্রমিক তরুণী। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে এসে সহায়তা করেন পথচারীরা।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায়। আশুলিয়া থানার সামনে দেখা যায় ছিনতাইকারীকে ধরে নিয়ে এসেছে ওই তরুণী।
তার এমন সাহসিকতা দেখে উপস্থিত পথচারীরাও হতবাক হয়ে পড়েন।ছিনতাইয়ের শিকার ওই পোশাক শ্রমিকের নাম সুমাইয়া। তার গ্রামের বাড়ি বরিশালে হলেও সপরিবারে আশুলিয়াতেই বসবাস করছে।
অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যানে ছিনতাইকারীর কবলে পড়ে সে।আটক ছিনতাইকারীর নাম সুমন সরকার। সে বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক শ্রমিক ওই তরুণী ভ্যানে করে বাসায় ফিরছিল। এ সময় চলন্ত ভ্যান থেকে তার মোবাইল ফোন ছিনিয়ে নিলে মেয়েটিও পিছু নেয় ছিনতাইকারীর।
এরপর বেশ কিছুদূর গিয়ে ধরে ফেলে ছিনতাইকারীকে। তাকে ধরে আশুলিয়া থানায় নিয়ে আসে ওই পোশাক শ্রমিক।ছিনতাইকারীকে ধরতে পারলেও তরুণীর মোবাইল ফোনটি এখনও পাওয়া যায়নি।
ছিনতাইকারী সুমনের দাবি, সে দৌড়ে পালানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলে দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান,
ছিনতাইকারী হিসেবে যাকে আটক করা হয়েছে, সে মাদকাসক্ত। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।