আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ছাত্রদের হত্যাচেষ্টার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর সশস্ত্র হামলার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খান এবং সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিলসহ ২১৭ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন। মামলার বাদী অভিযোগ করেন, গত ১৮ জুলাই সকাল ১০টায় ছাত্রজনতা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে খালপাড় ব্রিজের দিকে অগ্রসর হলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র, রামদা, চাপাতি, দা, লোহার রড, হাতুড়ি, গ্যাস পাইপ, কাঠের বাটামসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়।

এজাহারে বলা হয়, খালপাড় ব্রিজ এলাকায় পৌঁছার পরপরই আসামিরা দেশীয় হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মো. আরমান হোসাইন, হাসনা হেনা, মাহফুজ হোসাইন ও তন্ময়সহ অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহতদের অনেকেই তখন আশপাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।

পরে আন্দোলনকারীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু করলে, সেখানে পুনরায় হামলা চালানো হয়। এ সময় সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানের নেতৃত্বে এবং আওয়ামী লীগপন্থী পুলিশ বাহিনীর সহায়তায় আবারও দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানো হয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তাদেরকে রড, লাঠি, হাতুড়ি দিয়ে মারধর করা হয়। বাদী মেহেরাব হোসাইন সহ অনেকেই মারাত্মক আহত হন।

বাদীর দাবি অনুযায়ী, আহত ছাত্রছাত্রীদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় হাসপাতালের কিছু চিকিৎসক ও স্টাফ। পরে তারা কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সহায়তা চাইলে সেখানেও অভিযুক্ত ৩২ নম্বর আসামি ডাক্তার জহিরুল করিম ও ছাত্রলীগের লোকজন আহতদের চিকিৎসা না দিয়ে জোরপূর্বক বের করে দেয়। পরে তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন।

মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম জাহিদ, সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র রমজান আলী, জেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এবং জেলা পুলিশের সাবেক কর্মকর্তারা।

এদিকে মামলাটির বিষয়ে আসামিপক্ষ বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে মামলার বাদী মেহেরাব হোসাইন বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায্য আন্দোলন করছিলাম। কিন্তু আমাদের ওপর রাষ্ট্রের মদদপুষ্ট সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধের শামিল। আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং বিচার চাই।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ