ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ের গরু চুরির ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবালী আক্তারকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান। এর আগে ভোরে ধামরাইয়ের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবলি আক্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাবলী আক্তার চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। একই সাথে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আশরাফুল ইসলাম বলেন, ‘গরু চুরি মামলায় এর আগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বাবলী আক্তারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান জানান, গরু চুরির সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘ আমি বিষয়টি জানি না। তবে এই অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’