হাসিবুল হাসান ইমুঃ
কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুটিন মেরামত, স্লিপ ও প্রাক-প্রাথমিকের বরাদ্দ বাতিল করে আইসিইউ স্থাপন ও ভেন্টিলেটর যন্ত্র কেনার জন্য ব্যয় করা হোক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরের একটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পূর্বপুরুষদের দেওয়া জমির ওপরে ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এর উন্নয়নে কাজ করে যাচ্ছিলাম, যা পরবর্তীতে সরকারি করণ করা হয়। এর পরেও দাতা হিসেবে বিদ্যালয়ের নানা কর্মকান্ডের সঙ্গে আমাকে জড়িত থাকতে হয়। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো আমার বিদ্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে রুটিন ও বড় ধরনের মেরামতসহ প্রাক প্রাথমিক ও প্রয়োজনীয় আনুষাঙ্গিক কেনাকাটর জন্য প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ওই টাকা খরচ করার পর প্রায় ৫০ হাজার টাকা উদ্বৃত্ত হয়, যা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা আছে। এবছর (২০১৯-২০ অর্থ বছর) আবার ১ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রুটিন মেরামত বাবদ ৪০ হাজার, স্লিপের ৫০ হাজার, প্রাক-প্রাথমিকের ১০ হাজার এবং দুর্যোগের জন্য ৫ হাজার টাকা, যা এই বিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। আমি মনে করি গতবছর বরাদ্দ পাওয়া অনেক বিদ্যালয়েরই এধরনের বরাদ্দের প্রয়োজন ছিল না, এবছরও নেই। বিভিন্ন বিদ্যালয়ে গত বছরের বরাদ্দের অনেক অর্থ দুনীর্তির মাধ্যমে অপচয় হয়েছে, যা বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে। আর এবার করোনার প্রভাবে বন্ধ থাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অর্থ খরচ এমনিতেই অনিশ্চিত। তাই এবার দুর্যোগসহ রুটিন মেরামত, স্লিপ ও প্রাক-প্রাথমিকের জন্য দেওয়া বরাদ্দ বাতিল করে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ স্থাপন ও ভেন্টিলেটর যন্ত্র কেনার জন্য ব্যয় করা হোক।
অরূপ রায়
দাতা সদস্য, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি,
সাটুরিয়া,মানিকগঞ্জ।
সংগ্রহ – অরূপ রায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে।