আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সরকারি খাল ভরাট করে কারখানা নির্মাণ

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি খাল ভরাট করে কারখানা নির্মাণের অপচেষ্টা করছে প্রভাবশালী মহল। এতে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

ফলে চরমভাবে দুর্ভোগে পড়ছেন বলে দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। অপর দিকে খালটি এভাবে দিনের পর দিন ভরাটের কারণে বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা হয়ে চরম বিপাকে পড়বে ৮-১০টি গ্রামের মানুষ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার সাদমা ফ্যাশন লিমিটেডের নির্মাণাধীন নিউ ডাইং কারখানার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

ওই এলাকা দিয়ে বয়ে গেছে হাতিরদাড় নামে একটি সরকারি খাল। গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি গ্রামসহ উপজেলার ৮-১০টি গ্রামের বৃষ্টির পানি ও বিভিন্ন কারখানার বর্জ্য পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি তুরাগ নদীতে পড়ে।

কিন্তু ওই কারখানা কর্তৃপক্ষ খাল ভরাট করে নতুন আরেকটি ডাইং কারখানা নির্মাণ করছেন। এতে খালের পানি প্রবাহ বন্ধের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

তবে খালটি ভরাটের কারণে বর্ষার মৌসুমে বৃষ্টি ও বিভিন্ন কারখানার বর্জ্য পানিতে মিশে প্লাবিত হয়ে পড়বে ৮-১০টি গ্রাম। চরম দুর্ভোগে পড়বে এসব গ্রামের হাজার হাজার মানুষ।

এছাড়াও ওই কারখানার বিরুদ্ধে আশেপাশের কয়েকজন নিরীহ লোকের জমি দখল ও তাদের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী সাফিজ উদ্দিন মন্ডল জানান, অনেক দিনের পুরনো এই সরকারি খাল দিয়ে দীর্ঘদিন যাবৎ পানি চলাচল করছে। কিন্তু সাদমা কারখানার লোকজন এই খালকে মাটি দিয়ে ভরাট করে ফেলেছে।

বৃষ্টি হলেই আশেপাশের ঘরবাড়িগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হবে স্থানীয়দের। ছড়াবে বিভিন্ন রোগবালাই।

কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ হামিদ সরকার জানান, সাময়িকের জন্য ওই খালের মধ্যে পাইপ দিয়ে মাটি ভরাট করেছি।

পরবর্তীতে ভরাটকৃত মাটি সরিয়ে ফেলা হবে। এছাড়া কারো জমি দখল বা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয়নি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে আমরা যাবো। যদি নদী দখল বা ভরাট করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ