আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকা থেকে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৭ মে) রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরের একটি রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার টান কালিয়াকৈর এলাকার সলু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জন্মের পরপরই সাদ্দাম হোসেনের মা মারা যায়। এর আগে বাবা আরও দুটি বিয়ে করেন। অনেক কষ্টে সৎ মা ও সৎ ভাই-বোনদের সাথে অবহেলায় নিপিড়নে বড় হয় সাদ্দাম।

লেখাপড়ায়ও খুব ভাল ছিল সে। উপজেলার আনসার অ্যাকাডেমিতে অনার্সে পড়াশোনা চলছিল সাদ্দামের। পড়াশোনার টাকা জোগাতে বাবার সাথেও নিজে বিভিন্ন রকমের কাজ করতো সাদ্দাম।

তবে সৎ ভাই সোহেল ও পরিবারের অনেকের দাবি সৎ ভাই সোহেলের স্ত্রী সুমির সাথে সাদ্দামের সম্পর্ক নিয়ে সন্দেহ ছিল। এ নিয়ে পরিবারে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি ও সালিশ হতো।

এলাকাবাসীও এ বিষয়ে অনেক বার এ নিয়ে বৈঠক করেন। তবে ঈদুল ফিতরের নামাজের পর সাদ্দামকে কেউ দেখতে পায়নি। সে কোথায় গেছে সেটাও কেউ জানতো না।

এলাকাবাসী জানায়, সাদ্দাম নিখোঁজ হওয়ার পর বাড়ির লোকজন সাদ্দামের খোঁজ খবর রাখেনি। থানায় কোনো জিডিও করেনি। সাদ্দাম নিখোঁজ এ বিষয়ে কাউকেই অবগত করেনি।

তিন দিন পর শনিবার সন্ধ্যায় সাদ্দামের ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পায় সাদ্দাম ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী বলছে, লাশটির পা মাটির সাথে লেগে থাকায় ও তিন দিন নিখোঁজ থাকা সত্বেও পরিবার কেনো তার খোঁজ খবর রাখেনি। এ ছাড়াও তার পাশের রুমে সৎ মা থাকে। তারা কেনো আগে থেকে কোনো সাড়াশব্দ ও গন্ধ পায়নি। মৃত্যুটি রহস্যজনক।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যা নাকি হত্যা তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর সঠিক বিষয়টি যেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ