মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে সময় পরিবর্তনের মাধ্যমে কৌশলে গভীর রাতে অবৈধভাবে সরকারি জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি লুটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। এমন অভিযোগের প্রেক্ষিতে রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সোমবার (১৪ মার্চ) দুপুরে ১৩ জন মাটি ব্যবসায়ী ও ট্রাক চালককে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচটি ট্রাক ও একটি ভেকু মেশিন।
দন্ডপ্রাপ্তরা হলো- কালিয়াকৈর উপজেলা মাঝুখান এলাকার জামাল উদ্দিনের ছেলে রায়হান হোসেন (২৩), আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (২৮), ভান্নারা এলাকার মৃত হাসেম আলীর ছেলে আব্দুস কদ্দুস (৫১), চানপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (২২),
মজিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), ওয়াজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৮), আমির আলীর ছেলে আকবর হোসেন (৩৫), জালাল উদ্দিনের ছেলে ইমদাদুল হক (৩৫), মৃত সুনাম উদ্দিনের ছেলে আব্বাস আলী (৪০), সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া গণকপাড়া এলাকার খলিলুরের ছেলে উসমান গণি (২৮),
মানিক বেপারীর ছেলে সহিদুল (৩৫), ঢাকার ধামরাই সদর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শামীম হোসেন (২১) ও একই জেলার দোহার থানার মুকছেদপুর এলাকার মৃত ইসলাম দেওয়ানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রশাসনের নজর এড়িয়ে এক সময় প্রকাশ্যে দিবালোকেই বিভিন্ন এলাকার সরকারি জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি লুট করে নেওয়া হতো পাশ্ববর্তী ইটভাটাগুলোতে।
এ বিষয় নজরে এলে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে চলে যায়। ফলে এসব মাটি খেকোরা শুধু সময় পরিবর্তনের মাধ্যমে কৌশলে গভীর রাতে অবৈধভাবে মাটি লুটে নিয়ে যাচ্ছে স্থানীয় ইটভাটায়। আর এ মাটি লুটের সাথে সরকার দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরাও জড়িত বলে অভিযোগ উঠেছে।
রবিবার গভীর রাতে চানপুর এলাকায় লৌহজং নদীর তীর কেটে মাটি লুট করে নিয়ে যাচ্ছে মাটি খেকোরা, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল উদ্দিনের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চালিয়ে মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আকবর হোসেন, ইমদাদুল হক, আব্বাস আলী, উসমান গণি, শামীম হোসেন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম নামে ১০ জন মাটি ব্যবসায়ী, ট্রাক ও ভেকু চালককে আটক করা হয়।
এসময় আটককৃতদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তিনটি ট্রাক ও একটি ভেকুর চাবি জব্দ করা হয়।
এর আগে একই রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝুখান বাজার এলাকায় সরকারি জমির মাটি লুট করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে রায়হান হোসেন, কামাল ও আব্দুস কুদ্দুসকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে। পরের দিন সোমবার দুপুরে দণ্ডপ্রাপ্ত আসামিদের গাজীপুর কারাগারে পাঠানো হয়।
রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, সার্টিফিকেট সহকারী জাকির হোসেনসহ আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন জানান, অবৈধভাবে মাটি লুট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় ১৩ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া চারটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে।