মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়নের বেশির ভাগ সড়ক বেহাল। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় ইউনিয়নের ভেতরে বিভিন্ন সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আবার রোদের সময় ধুলোবালুর কারণে চোখ-মুখ বন্ধ করে চলতে হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সাহেব বাজার থেকে শ্রীফলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক,
বড়ইতলী গ্রামের ইসমাইল হোসেনের বাড়ি থেকে বাজহিজলতলী রেললাইন পর্যন্ত সড়ক,শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গোলাপী বেগমের বাড়ি থেকে শামীমের দোকান পর্যন্ত সড়ক,
কালিয়াকৈর ডিগ্রি কলেজ থেকে ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক ও বড়দল ব্রিজ থেকে বাদশা মিয়ার বাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা এছাড়া ১৫বছর আগে
ইটের সলিং দিয়ে নির্মাণ করা বংশী ব্রিজ থেকে বড়ইতলী বটতলা পর্যন্ত, আশিক নগর পার্ক থেকে বরিয়াবহ গ্রামের আক্কাসের বাড়ি
পর্যন্ত ও সোনাখালী ব্রিজ থেকে ভোঙ্গাবাড়ী পর্যন্ত সড়কের ইটের সলিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব সড়কে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে।
বড়ইতলী গ্রামের বাসিন্দা মো. সাইজুদ্দিন সাজু, নামা শ্রীফলতলী গ্রামের বাসিন্দা মো. সওকত মাষ্টার, ভৃঙ্গরাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক আশুতোষ পাল, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও বড়দল গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক এবং
ভোঙ্গাবাড়ী গ্রামের বৃন্দাবন মাষ্টারসহ বিভিন্ন গ্রামের লোকজন বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিবুর রহমান বলেন, নাজুক সড়কগুলো দ্রুত সংস্কার ও পুননির্মাণ করা হবে।