মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। উপজেলার সফিপুরে অবস্থিত খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভুল চিকিৎসায় এ ঘটনা ঘটে।
মৃত প্রসূতি ওই উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার গোলাম মোস্তফার স্ত্রী তানিয়া সুলতানা (২৪)।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে তানিয়া সুলতানার প্রসববেদনা উঠে। পরে পরিবারের স্বজনরা তাকে উপজেলার সফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তানিয়ার পরিবারের স্বজনদের সিজার করানোর অনুরোধ করেন। পরে পরিবার সম্মতি দিলে প্রসূতি ওই নারীকে অপারেশন কক্ষে নেয়া হয়। হাসপাতালের ডাক্তার মাহমুদা অপারেশন কার্যক্রম শুরু করেন। এসময় ভুল করে ডাক্তার মাহমুদা তানিয়ার নাভি এবং জরায়ু কেটে ফেলে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে ওই হাসপাতালের মালিক ডা. বখতিয়ার এবং হাসপাতালের কর্মরত স্টাফরা তানিয়াকে ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার ভোরে তানিয়ার মৃত্যু হয়।
এ ঘটনাটি ওই হাসপাতালের মালিক ডা. বখতিয়ার মৃতের পরিবারকে বিভিন্নভাবে অর্থের প্রলোভন দেখিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
তবে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল-বেলাল জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ওই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।