মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া টু মাওনা আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পরে চালকসহ ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলার হবুয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন-গাজীপুর জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের রাজে আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫)।
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আরিফুল সকালে তার নিজবাড়ি পেলাইদ থেকে মির্জাপুর থানার গোড়াই যাওয়ার জন্য রওনা দেন।
ফুলবাড়ীয়া টু মাওনা রোডের হবুয়ারচালা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আরিফুল নিহত হন।
ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক সোহেল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।