আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে কয়েল কারখানায় আগুন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় নবীয়াদ নামে একটি মশার কয়েল তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় পার হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে উপজেলার বাড়ইপাড়া-বড়ইছুটি এলাকায় অবস্থিত নবীয়াদ নামে একটি মশার কয়েল তৈরি কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে কারখানার লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এক পর্যায়ে আগুন বাড়তে থাকলে ওই কারখানার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকে।

এদিকে ফায়ার সার্ভিসের পানি সংকট দেখা দিলে আগুন নিয়ন্ত্রণে হিমশিমে পড়ে দমকল বাহিনী। পরে আশপাশের পুকুর ও বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করে দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম পানি সংকটের বিষয়টি নিশ্চিত করে বলেন, পানি সংকটের কারণে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ