নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
এক মাসেরও কম সময়ের ব্যবধানে এবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর পুরাতন বাজারের আরেক মুদী ব্যবসায়ী মো. মিয়াজদ্দিনকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে এ ঘটনা ঘটে। মিয়াজ উদ্দিন খানেপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন খানেপুর পুরাতন বাজারে মুদি দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
শুক্রবার মিয়াজ উদ্দিনের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় আসার পথে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে দুবৃত্তরা প্রায় এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ।
এর আগে, ১৬ মার্চ ঠিক একই স্টাইলে খানেপুর চক বাজারের বারেক ভূইয়া মার্কেটের ব্যবসায়ী মো. কিরন মিয়া দোকান বন্ধ করে রাতে বাড়ী যাওয়ার সময় পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে তার কাছ থেকেও প্রায় লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় তার কাছে থাকা ৪টি এন্ড্রয়েটসহ পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা দ্রুত আহত কিরনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পর পর দুটি ঘটনা ঘটায় খানেপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনা নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ব্যবসায়ী কিরন বলেন, প্রতিদিনের মতো বাজার থেকে আনুমানিক সাড়ে ৮টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ির পিছনেই তিন চারজন আমার ওপর হামলা করে।
আমি পড়ে গেলে আমার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে খুব কষ্টে বাড়িতে গেলে স্বজনরা দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী জানান, অন্যান্য এলাকার তুলনায় নয়নশ্রীতে বখাটেদের উৎপাত বেশি। ছেলেটি কয়েক বছর বিদেশে চাকরি করার পর এলাকার বাজারে ফ্লাক্সিলোড, বিকাশ ও মুদি ব্যবসা শুরু করেন।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত এ ঘটনার হোতাদের খুঁজে বের করার দাবি জানান তারা।