শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) এনজিও ঋণ দেওয়ার কথা বলে এলাকার খেটে খাওয়া শতাধিক দিনমজুরের কাছ থেকে সঞ্চয় বাবদ প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে।
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড়া এলাকায় ভাড়া বাড়িতে অফিস বানিয়ে আশপাশের খেটে খাওয়া নারী-পুরুষ কাছ থেকে সঞ্চয় বাবদ বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় সিডিএসের কর্মকর্তারা।
ভুক্তভোগীরা গণমাধ্যম কে জানান, শতাধিক গ্রাহক রয়েছেন সমিতির। তাঁদের সঞ্চয় বইয়ের হিসেব অনুযায়ী কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) সরকারি রেজিস্ট্রেশন নম্বর এস ১০২৩২ (৭৯৫ / ২০১০। নিবন্ধিত ঠিকানা উত্তর রাজাসন, বিরুলিয়া রোড, সাভার-ঢাকা।
এই বিষয়ে বাড়ির মালিকের ভাই আব্দুল খালেক গণমাধ্যম কে জানান, চার দিন হয়েছে তারা এসেছে। আজকে বাড়ি ভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তারা পালিয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির অফিসের সামনে জড়ো হন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বক্তব্য নিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রাহকদের সঞ্চয় বইয়ে এসডিএসের যে নম্বরটি দেওয়া হয়েছে সেটিতে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা সমবায় অফিস গণমাধ্যম কে জানায়, এই নামে তারা কোনো এনজিওকে রেজিস্ট্রেশন দেয়নি। কোথা থেকে তারা এই রেজিস্ট্রেশন পেয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ এখন পাইনি । বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।