আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ইমামের দাড়ি কেটে দেয়ার অভিযোগ মেম্বারের ছেলের বিরুদ্ধে

বরগুনা পাথরঘাটা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম:

বরগুনার পাথরঘাটায় স্থানীয় একটি মসজিদের ইমামকে বাড়িতে ডেকে নিযে দাড়ি কেটে দেয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো: শহিদের ছেলে সোহেলের বিরুদ্ধে।

এ নিয়ে ওই ইউপি সদস্যের কাছে বিচার দিলে তিনি বিচার করবেন বলে কালক্ষেপন করতে থাকেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তোভোগী ইমাম রফিকুল খন্দকার।

এর আগে গত মঙ্গলবার দুপুরের দিকে রফিক খন্দকারের সাথে কাজ আছে বলে সোহেল তাদের বাড়িতে ডেকে নিয়ে দাড়ি কেটে দেন।

রফিক খন্দকার জানান, আমি একজন মসজিদের সাবেক ইমাম। গহরপুর শাহ আলম মেম্বার বাড়িতে দীর্ঘ দিন ধরে নামাজ পড়িয়েছি।

ঘটনার দিন দুপুরে আমাকে সোহেল জানায় আমার সাথে তার কিছু কথা আছে এবং দুপুরে তার বাড়িতে ভাত খেতে হবে, এ কথা বলে বাড়িতে নিয়ে যায়।

যাওয়ার সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগেই কাচি দিয়ে দাড়ি কেটে দেয়। এ নিয়ে আমি সোহেলের বাবা শহিদ মেম্বারের কাছে বিচার দিলে তিনি এখন পর্যন্ত কোনো বিচার করেননি। উল্টো সোহেল আমাকে মারাধর করার জন্য হুমকি দিচ্ছে।

তিনি আরো জানান, দাড়ি কাটার পরে এখন আমি রাস্তায় বের হতে পারি না। এলাকার লোকজন আমাকে নিয়ে হাসিঠাট্টা করে।

রফিক খন্দকারের বাবা নেছার জানান, এর আগেও একজন ছেলেকে সোহেল মারধর করেছে তারও বিচার পায়নি। আমরাও বিচারের জন্য মেম্বারের কাছে গিয়ে পাইনি, আমরা গরিব মানুষ বিচার চাইলে বিচার পাই না।

অভিযুক্ত সোহেল দাড়ি কাটা কথা স্বীকার করে জানান, তিনি আগেই দাড়ি কেটেছেন, আমি শুধু বাড়িতে ডেকে আগোছালো দাড়িগুলো ঠিক করে দিয়েছি।

অভিযুক্ত সোহেলের বাবা স্থানীয় শহিদ মিয়া জানান, দাড়ি তিনি নিজেই কেটেছেন। আমার ছেলে শুধু সেই দাড়ি সাইজ করে দিয়েছে- এতে দোষের কী আছে। আজই তাদের নিয়ে বসে মীমাংসা করে দেবো।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার জানান, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ