আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আড়াই লাখ টাকা ও ৩৫ মন চালসহ ছাই হলো বসত ঘর

খান ইমরান :

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কেউটিয়া গ্রামে শত্রুতামূলক মহসিন সিকদারের বসত ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত করার অভিযোগ পাওয়া গেছে। তবে বেঁচে গেছেন ওই পরিবারের ৭ সদস্য। এতে নগদ প্রায় আড়াই লাখ টাকা এবং ১৪টি দলিল, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল ছাই হয়েছে। ভেস্তে যেতে বসেছে জমি ক্রয়ের স্বপ্ন। মহসিন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে পরিবারের ৭ সদস্য রাতের খাবার খেয়ে ঘুমাতে যান।

গভীর রাতে ঘরের পশ্চিম কোন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ধোয়ায় গন্ধ আসায় বিছানা থেকে উঠে টিন পিটিয়ে পরিবারের সকল সদস্যদের জাগিয়ে ঘর থেকে বের করি। এ সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন টের পেয়ে তারাও ছুটে আসে। কিন্তু ধারে কাছে কোন জলাশয় না থাকায় আমাদের চোখের সামনে ঘর ও ঘরে থাকা মালামাল ছাই হয়ে যায়। তিনি আরো জানান, ঘরে নগদ ২ লাখ ৩৮ হাজার টাকা ছিল জমির দলিল করার জন্য। ওই টাকা পুড়ে গেছে। ২০০৫ সালে বসত ঘরটি উত্তোলন করেন। ঘরের ভিতর ৩৫ মণ চাল, ফ্রিজ, স্টিল ও কাঠের আলমারী, খাট ও ২০টি মুরগীসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল।

এছাড়া ১৪টি দলিল ও মেয়েদের ৩ ভরি স্বর্ণ তাও পুড়ে ছাই হয়ে গেছে। মহসিনের অভিযোগ তার বসত ঘরের এক একর জমি পার্শ্ববর্তী এলাকার আলতাফ হাওলাদার কিনতে চায়। তবে ২০০৫ সালে যে দরে কিনেছে সে দর দিতে চায়। কিন্তু তাতে মহসিন রাজী নয়। সে বর্তমানে দরে ওই জমি বিক্রি করতে আগ্রহী। এতে ক্ষুব্ধ ছিল আলতাফ। এছাড়া তার মেয়ে জামাই নিজাম হাওলাদারের সাথেও বিরোধ রয়েছে।

নিজামের পরকিয়া সম্পর্ক তার মেয়ে ধরে ফেলে এরপর এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে তার তিন সন্তানসহ তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। তারাও হুমকি দিয়েছে। মহসিনের ধারনা এদের মধ্যে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকবে। মহিসন বলেন, ২০০৫ সালে ৩ একর ৯৭ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসত ঘরটি উত্তোলন করে বসাবাস শুরু করেন। জমির মালিককে ৯ লাখ ১০ হাজার টাকা দেয়া হয়। আগামী সোমবার বাকী ২ লাখ ৩৮ হাজার টাকা দিয়ে দলিল করার কথা ছিল। এ কারনে ওই টাকা জোগাড় করে ঘরে রাখা হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় ঘটনাস্থলে থাকা মেহেন্দীগঞ্জ থানার এসআই মো. মিজান বলেন, ঘরের রান্নাঘর থেকে আগুন লাগেনি তা নিশ্চিত। ক্ষতিগ্রস্থ মহসিন স্থানীয় আলতাফ হাওলাদার ও মেয়ে জামাই নিজাম হাওলাদারকে অভিযুক্ত করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ