নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর কুয়েত প্রবাসীর স্ত্রী মারুফা (২৮) হত্যার মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) বিকাল ৩ টাই র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার লংগদু থানার ভাই-বোন ছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।
এর আগে গত ৭ই ডিসেম্বর আশুলিয়া নরসিংহপুর সাকিনস্থ অন্ধ কলোনী মাধন চন্দ্র সরকারের ভাড়াটিয়া বাসায় কুয়েত প্রবাসীর স্ত্রী মারুফা (২৮) কে গলা টিপে হত্যা করে হাসান হাওলাদার (২২) পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী হলোঃ হাসান হাওলাদার (২২) বরগুনা জেলার পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে।
র্যাব-১ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম মারুফা বেগম (২৮) কে হত্যার কথা স্বীকার করে।মারুফা বেগম পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং তার স্বামী কুয়েত প্রবাসী।
সে আশুলিয়ার নরসিংহপুর সাকিনস্থ অন্ধ কলোনী মাধন চন্দ্র সরকারের ভাড়াটিয়া বাসায় থেকে তার ছেলে ফাহিম (০৬) কে নিয়ে একা বসবাস করত। হত্যাকারী হাসান হাওলাদার সম্পর্কে মামাতো দেবর হিসেবে পূর্ব পরিচিত।
পরিচয়ের সূত্রেই তার বাসায় আসা যাওয়া করত এবং তাদের মধ্যে ১ বছর ধরে শারিরীক সম্পর্ক গড়ে উঠে।পরে রাতে হাসান হাওলাদার বাসায় আসলে মারুফা বেগম তাকে বিয়ে করার জন্য বললে হাসান রাজি না হওয়ায় একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
পরবর্তীতে তার ছেলে ফাহিম ঘুমিয়ে পড়লে মারুফাকে গলা টিপে হত্যা করে লাশ খাটের উপরে ফেলে পালিয়ে যায়। হত্যাকারী হাসান হাওলাদার রাঙ্গামাটি জেলায় গমন করে এবং সেখানে আত্মগোপনে অবস্থান করে।
র্যাব-১ সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন,গ্রেফতারকৃত আসামী হাসান হাওলাদার এর কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।