সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় প্রায় ৩০০ বাসা বাড়িতে অবৈধ ভাড়া নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি।
সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার উত্তর গোমাইল এলাকার এই উচ্ছেদ অভিযান চালায় সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানায়, অভিযান পরিচালনা করা এলাকায় তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রায় দুই কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার। এছাড়া প্রায় ৩শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরও জানায়, এই এলাকায় দুষ্কৃতকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে তাই বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে আবার অবৈধ সংযোগ দেয়া হচ্ছে।আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।