আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় লটারির নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ লটারি বসিয়ে প্রতারণা ও ধোকাবাজি করছে একটি অসাধু চক্র। এদের প্রতারণার কৌশল বুঝতে না পেরে প্রতিনিয়ত প্রতারনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর, জিরানীবাজার এবং বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের ইউনিক, জামগড়া, নরসিংহপুর,

জিরাবো ও আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই লটারি বসে। প্রতিদিন বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত চলে তাদের এই লটারি নামের প্রতারণা ও ধোকাবাজি।

লটারি পরিচালনা করেন এমন একজনের সাথে কথা হয় ঢাকা প্রকাশের। লটারির নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এক থেকে বিশ পর্যন্ত লেখাযুক্ত কার্ড আমার কৌটায় আছে।

প্রত্যেকটি কার্ডে আলাদা আলাদা পুরস্কার লেখাও আছে। আমরা বিশটি লটারির কার্ড প্রতিটি ৫০ টাকা করে বিশ জনের কাছে বিক্রি করি।

তারপর কৌটা থেকে তিনটি কার্ড তুলি। যাদের লটারির কার্ডের নাম্বারের সাথে কৌটা থেকে তোলা কার্ডের নাম্বার মিলে যায়। তাদের কার্ডে উল্লেখিত পুরস্কার দেই।

কিন্তু এদেরই একজন সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, এই লটারি পুরোটাই ধোকাবাজি এবং প্রতারনা।

তাদের প্রতারণার কৌশল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যারা লটারি কিনে তাদের ভিতরে আমাদের প্রায় ৮-১০ জন লোক থাকে৷তাদের কাছে আগে থেকেই এক থেকে বিশ লেখা লটারির কার্ড দেওয়া থাকে।

কৌটা থেকে যখন যে নাম্বার তোলা হয়, তারা কৌশলে সেই নাম্বার লেখা লটারির কার্ড বের করে পুরস্কার নেয়। ফলে পুরস্কার বাইরের কেউ পাওয়ার সুযোগ নাই।

শাহিন নামের এক ভুক্তভোগী জানান, আমি আজ (১১ নভেম্বর) বিকেলে বাইপাইলে বসে প্রায় ২০-২২ বার লটারি কিনেছি কিন্তু একবারও কোনো পুরস্কার পাই নাই।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন ) জামাল শিকদার বলেন, লটারির প্রতারণার এই কৌশল আমাদের জানা ছিলো না।

আপনার মাধ্যমে পুরো ঘটনা জানতে পারলাম। আমি অফিসারদের বলে দিচ্ছি। এইরকম লটারি যেখানেই দেখবে, পিটিয়ে উঠিয়ে দেবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ