নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত চার দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে।
ভুক্তভোগী কৃষ্ণ চন্দ্র সাহা (৪৪) জানান, তিনি ধামরাইয়ের কুশরা বাজারে ‘জয় কালী স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো ওইদিন সকালে মালামাল কেনার জন্য সাভারের নামাবাজারে যাচ্ছিলেন একটি কালো রঙের জ্যাক গাড়ি (রেজি নং- ৮৯৪৮) যোগে। সকাল ৭টার দিকে সিন্দুরিয়া এলাকায় চেকপোস্ট পার হয়ে কিছুদূর গেলে দুটি মোটরসাইকেলে থাকা চারজন মুখোশধারী দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে।
তিনি আরও বলেন, “দুর্বৃত্তরা গাড়ির জানালা দিয়ে অস্ত্র দেখিয়ে আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়। এরপর আমার ব্যাগে থাকা ১৩ লাখ টাকা এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তারা নয়ারহাটমুখী সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়।”
ভুক্তভোগীর ভাষ্যমতে, ছিনতাইকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের সবার মাথায় হেলমেট থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক মাহমুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।