সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহি আলী নুরের তিন বাসের রেষারেষিতে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি।
এতে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৫ জুলাই) তিনটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
প্রথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, তিনটার দিকে আশুলিয়ার জিরাবোর বেঙ্গল প্লাস্টিক এলাকায় আলী নুর পরিবহনের তিনটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো।
বাসগুলোর সামনে সিএনজিও যাচ্ছিলো। এসময় বাসগুলোর একটি সিএনজিকে ধাক্কা দেয় পরে সিএনজির নিয়ন্ত্রণ হাড়িয়ে গেলে পেছনে থাকা আরেকটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে সিএনজিতে থাকা এক শিশুসহ একই পরিবারের ৪ জন ও সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নারী ও শিশু হাসপাতালের ডেপুটি ম্যনেজার হারুন-উর-রশিদ বলেন, আমাদের এখান থেকে পাঁচ জনকে মুমূর্ষ অবস্থায় আনা হয়েছিলো।
পরে তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে দুইটি অ্যাম্বুলেন্স এ করে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ঘটনা স্থলে এসে দু’টি বাসকে আটক করেছি।
এছাড়া সিএনজির যাত্রীসহ চালকের অবস্থা মুমূর্ষু হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে কারো মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত হতে পারিনি৷