আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ছিনতাইকারির ছুরিকাঘাতে রাইডারের মৃত্যু

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় যাত্রিবেশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজিব হোসেন (৩৪) নামের এক যুবকের মুত্যু হয়েছে। নিহত যুবক মোটরসাইকেল রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করতেন।

সোমবার (৩ অক্টোবর) রাত ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ। এর আগে সোমবার ভোর রাতে রাজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত রাজিব টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামের জাফর মিয়ার ছেলে। তিনি তার নিজ বাড়িতে থেকে মোটরসাইকেল রাইড শেয়ার করে করতেন।

নিহতের বাবা জাফর মিয়া বলেন, ‘আমি আমার বাড়িতে থেকে কৃষিকাজ করি। আমাদের সাথে থেকে রাজিব তার ডিসকাভার মোটরসাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহণ করতো।

গত ১৮ সেপ্টেম্বর সকালে রাজিব বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। ১৯ সেপ্টেম্বর রাত তিনটার দিকে খবর পাই, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকার পদ্মা ফিলিং স্টেশনের সামনে থেকে ছুরিকাহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পরে আমার আহত ছেলের কাছ থেকে জানতে পারি যে, সে গত ১৯ সেপ্টেম্বর রাতে বাইপাইল বাস স্ট্যান্ড থেকে চন্দ্রার উদ্দেশ্যে দুইজন যাত্রী নিয়ে রওনা হয়। পরে রাত আড়াইটার দিকে কবিরপুর ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীর একজন ছুরি দিয়ে পেটে আঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুর রাশিদ বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ আসামিদের আটকের অভিযান পরিচালনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ