আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ায় সাবেক মহিলা মেম্বার সালমা আক্তারসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২রা ফেব্রুয়ারী) বিকেলে আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিম উদ্দীনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় এক গর্ভবতী নারীসহ অই পরিবারের পাঁচ জন আহত হন।
আহতরা হলেন- ফাতেমা বেগম (২৭), উর্মি আক্তার (২৫), সুফিয়া বেগম (৬৫), রোকসানা বেগম (৪৫), নাজমা বেগম (৪৬)।
এঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বুধবার বিকেলে সাবেক মহিলা মেম্বার সালমা আক্তার ও মনি বেগমের নেতৃত্বে শামীম, হাবিব, টিপু, হামেদ আলী ও নতু শিকদারসহ ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল চাইনিজ কুড়াল,রামদা,লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নাজিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এসময় নাজিম ও তার ভাই জসিমকে হত্যার উদ্দেশ্যে খোজ করতে থাকে সন্ত্রাসীরা। তাদের না পেয়ে বাড়িঘর এলোপাথাড়ি ভাংচুর করে এবং টিনের বেড়াসহ দরজা, জানালা কুপাতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন সন্ত্রাসীদের বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এসময় পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় এক গর্ভবতী নারীও হামলার শিকার হন। হামলার সময় সন্ত্রাসীরা ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযুক্ত সাবেক মহিলা মেম্বার সালমা আক্তার ঘনটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
এব্যাপারে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং অভিযোগের বিষয়ে বাদীকে আশুলিয়া থানায় যোগাযোগ করতে বলেছি।