আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ার ক্লিনিকে ভোক্তা অধিকারের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

সাভার  প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জিরানীবাজার এলাকার গাজী ডায়াগনস্টিক সেন্টার, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টার ও নাসির উদ্দিন মেডিকেল সেন্টারকে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আশুলিয়ার জিরানীবাজার এলাকার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাজী ডায়াগনস্টিক সেন্টারের স্যাম্পল কালেকশন করে মজুদ করা ফ্রিজে আদা বাটা, লেবু ও দুধ মজুদ রাখায় তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারে মুল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করায় ৫০ হাজার ও নাসির উদ্দিন মেডিকেল সেন্টারে সফটওয়্যারে টেস্ট ফি ৩০০ টাকা লেখা থাকলেও প্রিন্ট দিলে ৪০০ টাকা প্রিন্ট হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসাবে বুধবার অভিযান পরিচালনা করেছি। এসময় নানা অনিয়মের কারনে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান আমাদের চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রচার) মো. শাহ-আলমসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ