নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় বাসাবাড়ির উম্মুক্ত ময়লার ট্যাংকিতে পড়ে মুস্তাফিজুর নামের এক ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার পূর্ব ভাদাইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মুস্তাফিজুর (০৭) রাজশাহী জেলার বাগমারা থানার গোবিন্দ পাড়া গ্রামের আবু বকরের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে পূর্ব ভাদাইলের সেই বাড়িতে ভাড়া থাকতো।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ ঐ ময়লার ট্যাংকি উম্মক্ত রেখেছিলেন বাড়ির মালিক সাত্তার হাওলারদার। এ বিষয়ে অনেকেই তাকে টাংকির মুখ বন্ধ রাখতে বললেও কাউকে তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে টাংকিটি খোলা রাখেন সাত্তার।
আজ দুপুর থেকে শিশু মোস্তাফিজুর কে খুঁজে না পেয়ে মাইকিং এর ব্যবস্থা করে তার পরিবার। পরে সন্দেহ হলে ওই টাংকিতে লোক নামিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।