নিজস্ব প্রতিবেদক :
মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাল বুধবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ভারত ও বাংলাদেশের ১০টি টিম অংশ গ্রহণ করবে।
এর মধ্যে ৫টি মহিলা টিমও অংশ গ্রহণ করবে। আন্তর্জাতিক এই নৌকাবাইচে বাংলাদেশের ৩টি পুরুষ দল ও ৩টি মহিলা দল অংশ গ্রহণ করবে। দলগুলো হচ্ছে লাল, সবুজ ও সাদা।
আগামী বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর হাতিরঝিল লেকে পুলিশ প্লাজার সন্নিকটে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বাইচ শেষে বিকাল সাড়ে ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বাইচে দুটি ইভেন্ট থাকবে। একটি আন্তর্জাতিক ইভেন্ট। এই ইভেন্টে ভারতের ২টি পুরুষ দল ও ২টি মহিলা দল এবং বাংলাদেশের ৩টি পুরুষ দল ও ৩টি মহিলা দল অংশ গ্রহণ করবে। অপরটি জাতীয় ইভেন্ট। এই ইভেন্টে দেশের ১০টি ক্লার অংশ গ্রহণ করবে। আন্তর্জাতিক ইভেন্টে স্বাগতিক বাংলাদেশের ৩টি দল লাল, সবুজ ও সাদা।
লাল টিমের নেতৃত্বে থাকবে নারায়নগঞ্জ রোইং ক্লাবের সভাপতি মোবারক হোসেন, সবুজ দলের নেতৃত্বে শাহীনবাগ রোইং ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক, সাদা দলের নেতৃত্বে নবাবগঞ্জ রোইং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা ।
বাংলাদেশের ৩টি মহিলা টিম খেলবে। টিম গুলো হচেছ চুন কুটিয়া রোইং ক্লাব, নড়াইল রোইং ক্লাব, বান্দরবান রোইং ক্লাব। এছাড়া জাতীয় ইভেন্টে অংশ গ্রহণ করবে ১০টি ক্লাব।
ক্লাবগুলো হলো ঢাকা রোইং ক্লাব, শাহীনবাগ রোইং ক্লাব, নারায়নগঞ্জ রোইং ক্লাব, নবাবগঞ্জ রোইং ক্লাব,টঙ্গী রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব, বাংলাদেশ বোট রেস (রোইং) কাউন্সিল,বরিশাল রোইং ক্লাব, সিলেট নৌকা বাইচ সমিতি।
নৌকাবাইচে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথী হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত থাকবেন।
বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্ব আয়োজিত নৌকাবাইচে সম্মানিত অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
এছাড়া বাইচে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন, রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো.খোরশেদ আলম মহাসচিবের বক্তব্য এবং ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মনিরুল আলম স্বাগত বক্তব্য রাখবেন।