নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর ও আলোচিত শাহাদাত হোসেন (২৪) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
এ হত্যার ঘটনায় তিন জন কে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের স্বীকারোক্তিতে উঠে এসেছে শাহাদাত কে হত্যার মূলহোতা জাহিদের প্রেমিকার সাথে শাহাদাতের বিয়ে ঠিক হয়। আর এতেই জাহিদ শাহাদত কে পরিকল্পিত ভাবে হত্যা করে ।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরের দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
এর আগে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাতে সাভারের আশুলিয়া এবং ধামরাইয়ের বিভিন্ন জাগায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত শাহাদাত হোসেন (২৪) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের কোহিনুর ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার বারইপাড়ায় একটি প্রতিষ্ঠিত কারখানার কর্মচারী ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২২), পিতাঃ মোঃ আক্কাছ আলী, ও তার সহযোগী (২) আবু তাহের (২৪), পিতাঃ মোঃ শুকুর আলী এবং (৩) সবুজ হোসেন (২৮), পিতাঃ মোঃ মিজানুর রহমান। এরা সবাই ধামরাইয়ের আমরাইল এলাকার বাসিন্দা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত হত্যাকান্ডে জড়িত সন্দেহে প্রথমে ধামরাই থানা পুলিশ গত বছরের ৩০ সেপ্টেম্বরে সন্দেহভাজন শাহাদাতের এক বন্ধু জাহিদকে গ্রেপ্তার করে।
কিন্তু জাহিদ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদাণ না করায় রিমান্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরে র্যাব উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ধামরাই ও আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলহোতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (২২) ও তার সহযোগী আবু তাহের (২৪) এবং সবুজ হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত বছরের ৬ আগষ্ট শাহাদাত নিখোঁজ হয় । নিখোঁজের ৭দিন পরেই ১৪ আগস্ট শাহাদাতের বিয়ের দিন ধার্য করা ছিলো ।
যে মেয়ের সাথে শাহাদাতের বিয়ে ঠিক হয়েছিলো সে মেয়ে গ্রেপ্তারকৃত আসামী জাহিদ এর প্রেমিকা।
নিজের প্রেমিকার অন্যত্র বিবাহ জাহিদ মেনে নিতে না পারার জের ধরে জাহিদ তার গ্রেপ্তারকৃত অন্য দুই সহযোগীদের সাথে পরিকল্পনা করে শাহাদাতকে হত্যার নকশা আঁকে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে।
জিজ্ঞাসাবাদে আসামীরা আরও জানায় যে, ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামীরা সকলেই ধামরাই থানাধীন যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের স্থায়ী বাসিন্দা এবং তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
এ সর্ম্পকের কারণে তাদের মধ্যে সচারচর সাক্ষাৎ হতো এবং তারা একত্রিত হয়ে ভাড়া বাসা ও নিজ এলাকায় জুয়ার আসর বসাতো। আসামীরা গত বছরের ৩ আগস্ট শাহাদাত কে চন্দ্রা থেকে গাজীপুর জেলার কাশিমপুর নিকটবর্তী মাটির মসজিদ এলাকায় ডেকে নিয়ে আসে। পরে এক পর্যায়ে আসামীরা তাকে ফুসলিয়ে জুয়া খেলতে ধামরাই এর আমরাইল এলাকায় নিয়ে যায়।
সেখানে ভুক্তভোগী’কে ফুসলিয়ে ০২ দিন অবস্থান করায়। পরবর্তীতে ০৬ আগস্ট সন্ধ্যার দিকে সবাই একত্রে ভুক্তভোগীকে নিয়ে ধামরাই এর আমরাইল এলাকায় একটি ভাড়া বাসায় আসে। সেখান থেকে সাভারের আশুলিয়ায় একটি ফাঁকা নির্জন এলাকায় নিয়ে শাহাদাতের হাত পা বেঁধে ফেলে। প্রথমে জাহিদ ভুক্তভোগীকে কয়েকটি চর-থাপ্পর মারে এবং গোপনাঙ্গে ৪-৫টি লাথি মারে। এ সময় তাহের ভুক্তভোগীর মাথা চেপে ধরে বসে ছিলো এবং অন্য জন হাত পা ধরে ছিল। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা লাঠি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে তার মৃত্যু সুনিশ্চিত করে।
তারপর গ্রেপ্তারকৃত আসামীরা শাহাদাতের লাশ ভ্যানচালক সবুজের ভ্যানযোগে ধামরাই থানাধীন আমরাইল পুকুরিয়া সাকিনস্থ মনুমিয়ার কাঠবাগানের কাছে নিয়ে যায়।
পরবর্তীতে সেখানে গাছের একটি ডালে কাঁচা পাট দিয়ে ফাঁস তৈরী করে ঝুলিয়ে রাখে যাতে করে এলাকার লোকজন জানতে পারে এটি একটি স্বাভাবিক আত্মহত্যা। এর পরই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে তাদের পূর্বের ভাড়া বাসা চক্রবর্তী মাটির মসজিদ এলাকায় চলে যায়।
উক্ত ঘটনার পর তারা নিজ নিজ এলাকায় স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, ধামরাইয়ে চাঞ্চল্যকর ও আলোচিত ক্লু লেস হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য,
গত বছরের ১ আগস্ট শাহাদাত ঢাকার ধামরাইয়ের আমরাইল গ্রামের নিজের বাড়ি থেকে কালিয়াকৈরে তার কর্মস্থলে যায়। সেখানে যাওয়ার ২দিন পর (৪ আগস্ট) থেকে তার বাড়ীর কারো সাথে সে কোন যোগাযোগ করে না।
তার দু’দিন পরে (৬ আগস্ট) হতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার দু’দিন পরে (৮ আগস্ট) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
অতঃপর নিখোঁজের ৭দিন পর (১২ আগস্ট) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের একটি কাঠ বাগান থেকে শাহাদাত এর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
উক্ত ঘটনায় ১২ আগস্ট ঢাকার ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর- ২৪।
পরবর্তীতে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরে ভিকটিম শাহাদাত এর মা বাদী হয়ে
২৭ সেপ্টেম্বর ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২। উক্ত হত্যাকান্ডটি গণমাধ্যমে প্রচারিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।