আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

অটোরিকশার জন্য অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক :

সাভারে অপহরণের ৭ দিন পর চাঁদপুরের দুর্গম চর থেকে ৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে অপহরণকারী ২ জনকে আটক করেছে র‌্যাব ৪।

বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে গতকাল ২১ ডিসেম্বর চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাহেরচর নামক প্রত্যন্ত চর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।

গত ১৫ ডিসেম্বর সাভারের উলাইল থেকে চটপটি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৬) কে অপহরণ করে মুক্তিপন দাবি করেন আটকরা। আটকরা হলেন চাঁদপুর জেলার মোঃ ওবায়দুল্লাহ দেওয়ান (৪৮) ও মোঃ রহমত উল্লাহ দেওয়ান (৩৯)।

ভুক্তভোগীরা হলেন- চটপটি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে। তিনি সাভারের কাতলাপুরের আমতলা এলাকার শোভার বাড়িতে ভাড়া থেকে উলাইলে চটপটির ব্যবসা করতেন। অপর তিনজন হলেন তার বড় ভাই মোঃ আলমগীর দেওয়ান (৫৪), ভগ্নিপতি মোঃ কাশেম বাঘ (৫০) ও মোঃ শফি উদ্দিন (৫৩)।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ ডিসেম্বর কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন জাকির। সেদিন সন্ধ্যায় একটি ফোন থেকে কে বা কারা বাড়িওয়ালা শোভার মোবাইলে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ভুক্তভোগীর বড় ভাই ও দুই ভগ্নিপতি ২৫ হাজার টাকা নিয়ে চাঁদপুরে জাকিরকে উদ্ধারের জন্য গেলে তাদেরও আটকে রাখে অপহরণকারী।

র‌্যাব জানায়, কিছুদিন আগে আটকদের দুটি ব্যাটারীচলিত অটোরিকশা চুরি হয়। তাদের সন্দেহ ওই অটোরিকশা ভুক্তভোগী জাকির চুরি করেছেন। অটোরিকশা দুটির জন্য তারা জাকিরকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সিপিসি-২, র‌্যাব ৪ কে অভিযোগ দিলে অভিযানে নামে র‌্যাব। পরে গতকাল বিকেল ৫ টার দিকে চাদঁপুর জেলার মতলব উত্তর থানার বাহেরচর নামক প্রত্যন্ত চর এলাকায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগীদের উদ্ধার করে অপহরণকারীদের আটক করা হয়।

সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপহরনকারীর বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ