আলম শাওন, বিয়ানীবাজার, সিলেট :
গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে
পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবে’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার কালেক্টরেট জামে মসজিদ এলাকায় কোটা আন্দোলনকারী ছাত্র-জনাতার উপর পুলিশ দফায়, দফায় গুলি চালায়। এসময় সাংবাদিক তুরাব গুলিবিদ্ধ হন। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
আজ বিকালে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়ে’র সঞ্চালনায় বক্তারা সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডে জড়িত রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসম উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি এম হাসানুল হক উজ্জল, সহ সভাপতি হাসান শাহরিয়ার, সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল, কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ, সদস্য আবুল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক এটিএম তুরাবে’র কর্মজীবনের স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ। এ সময় তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি ছিলেন উদার ও গণতন্ত্রমনা, সাংবাদিকতার শুরু থেকে তিনি সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। জাতীয় দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে সাংবাদিক তুরাব পেশাদারিত্বের নজির স্থাপন করেছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ শহীদ
সাংবাদিক এটিএম তুরাবে’র নামে বিয়ানীবাজার পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরন করার দাবি জানিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান। এছাড়া তুরাবে’র মর্মান্তিক মৃত্যুতে অতিথিরা তাঁর পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্মৃতিচারণ শেষে সাংবাদিক এটিএম তুরাবের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। এছাড়া সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আইনি লড়াইয়ে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা জানান সহকর্মী সাংবাদিকরা।