সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় আবারও কারখানার ঝুট ব্যবসা দখলে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতারা হলেন- স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল ও শামীম।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার কয়েকটি কারখানার সামনে শোডাউনসহ কারখানা কর্তৃপক্ষকে ঝুটের ব্যবসা তাদেরকে দেয়ার জন্য ভয়ভীতি ও চাপ দেয়া হয়।
সম্প্রতি বাড়ইপাড়া এলাকার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামক একটি কারখানায় ঝুট ব্যবসা দখল করতে গেলে বিষয়টির সম্পর্কে অবগতি হয় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। পরে তিনি খোঁজ নিতে গত, মঙ্গলবার ওই কারখানায় যান। বিষয়টি জানতে পেরে কারখানার সামনে শো-ডাউন দেন রুবেল ও শামীমের অনুসারীরা। পরে মোহন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কারখানার সামনে থেকে চলে যান।
এবিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান মোহন বলেন, আমি কারখানার এক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলার সময় ওই এলাকার কারখানায় কোন ঝামেলা হচ্ছে কিনা সেটিও বুঝার চেষ্টা করেছিলাম। সেখান থেকে চলে আসার পর একটি মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমি ঝুট ব্যবসা দখল করতে গিয়েছি এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যারা বৈধভাবে ব্যবসাটি করছেন এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেই প্রকৃত সত্যটি জানতে পারবেন।
কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার পতনের পর থেকেই উপজেলার বাড়ইপাড়া এলাকায় রুবেল ও শামীমের চক্রটি ওই অঞ্চলের বিভিন্ন কারখানার ব্যবসা দখলের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে তারা একটি কারখানার ঝুটের ব্যবসা দখলে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় তারা তানজিলা টেক্সটাইলেও দখলের চেষ্টা করছেন।
কারখানা সূত্র থেকে আরো জানা যায়, চলতি অর্থবছরের জন্য ঝুট ব্যবসা নিয়ে ইতিমধ্যে কারখানা কর্তৃপক্ষ ৩ জনের সঙ্গে চুক্তি করেছেন৷ চুক্তি অনুসারে ঝুটের ব্যবসা তারাই করছেন। তবে রুবেল ও শামীম গত ৭-৮ দিন ধরে ওই দুই ঝুটের ব্যবসাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চুক্তিবদ্ধ এক ব্যবসায়ী জানান, কারখানায় ঝুট নেয়ার বিষয়ে কিছু সমস্যা হচ্ছে। আসাদুজ্জামান মোহন নামের কেউ ব্যবসাটি দখল করতে চান এমন কিছু কখনো শুনিনি। তিনি দখল করতে চাইলে আমি জানতে পারতাম। বেশ কয়েকদিন ধরে রুবেল ও শামীম ব্যবসাটি করবেন কারখানা কর্তৃপক্ষকে বলেন এমন বিষয় শুনেছি।
তানজিলা টেক্সটাইল লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি আমাদের কারখানায় এসেছিলেন। আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলে মোহন চলে গেছেন।