সাভার প্রতিনিধি :
লাইসেন্স ছাড়াই ক্লিনিক পরিচালনা করে আসছিলেন এনাম মেডিকেল কলেজের প্রাক্তন আরএমও ডা: মো: আহসানউল্লাহ। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘আহসান ল্যাব’ নামের ওই ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি জরিমানাও করেছেন ৫ হাজার টাকা।
শনিবার (৬ মে) বিকালে ঢাকার সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় সিংগাইর রোডে মজিদ মিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আহসান ল্যাবে অভিযান পরিচালিত হয়।
গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা আছে, লাইসেন্সবিহীন সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার।
পাশাপাশি, যাদের এমবিবিএস ডিগ্রী এবং বিএমডিসি’র সনদ নাই তারা নামের পূর্বে ডাক্তার পদবী লাগালে সেটাও আইনত দন্ডনীয় হবে।
এই নির্দেশনার ধারাবাহিকতায় আজ (শনিবার) সাভারের হেমায়েতপুর এলাকায় আহসান ল্যাব নামের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেছি। এসময় দেখা গেছে, একজন ডাক্তার লাইসেন্স ছাড়াই এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করছেন যা দন্ডনীয় অপরাধ।
এজন্য মেডিকেল প্রাকটিস ও প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ অনুযায়ী ক্লিনিকটি সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা উপজেলা স্বাস্থ্য বিভাগ সাভার উপজেলা প্রশাসনের কাছে মোবাইল কোর্ট পরিচালনার জন্য আবেদন করেছিলাম।
এর প্রেক্ষিতে আজ সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েতপুর এলাকায় একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। বিধির ব্যত্যয় ঘটায় তিনি ওই ক্লিনিকের মালিককে শাস্তি প্রদান করেছেন।
অভিযানকালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার) মো: সাইদুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো: মোজাম্মেল হোসেন।