নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে কিশোর গ্যাং লিডার লিখন নিহতের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হলো।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে আজ ভোর রাতসহ দুই দিনের অভিযানে আশুলিয়ার নবারটেক থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তাররা হলো- পাবনা জেলার সাথিয়া থানার ঘুঘুদহ মধ্য পাড়া গ্রামের সোরমান আলীর ছেলে মোঃ অনিক (২১) ও নরসিংদী জেলার মাধবদী থানার মেহেরপাড়া গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে মোঃ জোবায়ের হোসেন (২২)।
তারা দুই জনই রনি গ্রুপের সদস্য বলে জানা গেছে। এর আগে কাইচ্চাবাড়ি গ্যাং লিডার মোঃ রনি ওরফে মামা রনি (১৮), সদস্য মোঃ জিলানী (১৮), মোঃ সোহাগ (১৯) ও রাকিব (১৮) কে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তারদের বরাত দিয়ে র্যাব জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোচারটেক কিশোর গ্যাং ও কাইচাবাড়ি কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গোচারটেক কিশোর গ্যাং লিডার লিখন ও কাইচাবাড়ি গ্যাংয়ের লিডার রনির দ্বন্দ্ব ভয়ংকর রূপ নেয়। পরে পূ্র্ব পরিকল্পনা অনুযায়ী লিখনকে হত্যা করা হয়।
গত বছরের ৪ জুলাই সন্ধ্যায় আশুলিয়ার কাইচাবাড়ি গ্যাং এবং গোচারটেক ভাই বেরাদার গ্যাং পলাশবাড়ি গোচারারটেক ইস্টার্ন হাউজিং মাঠের পাশে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় লিখন তার পরিচিত ভুক্তভোগী মেহেদী’কে মারতে দেখে এগিয়ে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করে। এতে রনি গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা মেহেদীর সাথে লিখনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে।
এসময় মাটিতে লুটিয়ে পড়ে লিখন। পরে কিশোর গ্যাং সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। লিখন ও মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিখন।
এঘটনায় লিখনের চাচা শরীফুল ইসলাম বাবু বাদী হয়ে আশুলিয়া থানায় রনি ও এনায়েতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে র্যাব অভিযান চালিয়ে পলাতক আসামিসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন।
সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, পুলিশ হেফাজতে গ্রেপ্তার আসামীদের হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লিখন হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে মাঠ পর্যায়ে র্যাব-৪ এর গোয়েন্দা দলের নজরদারি চলমান থাকে।
এরই ধারাবাহিকতায় গত দুই দিনের অভিযানে অনিক ও জোবায়েরকে গ্রেপ্তার করা হয়। গ্রোপ্তাররা লিখন হত্যাকান্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্ব হতে গোচারটেক কিশোর গ্যাং গ্রুপ ও কাইচ্চাবাড়ি কিশোর গ্যাং গ্রুপ তথাপি লিখন গ্রুপ ও রনি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। চলমান এই দ্বন্দ্বের জের ধরেই পরিকল্পিতভাবে লিখন হত্যাকাণ্ড পরিচালিত হয়।