সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় অভিযোগের তদন্তে গিয়ে বাদীর নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। টাকা নিয়েও বাদীকে বিবাদীর সাথে বসিয়ে মিমাংসার চাপ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগের বাদী নিশা ইসলাম। গত ২৩ এপ্রিল আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির অভিযোগ তদন্তে এসে খরচ বাবদ ৫ হাজার টাকা নিয়ে যান বলে তিনি দাবি করেছেন।

অভিযোগের বাদী নিশা ইসলাম বলেন, আমার বৃদ্ধ মা নাছিমা পারভীনকে (৫১) তুচ্ছ ঘটনায় মারধর করে প্রতিবেশী ভাড়াটিয়ারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে আশুলিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করি। এই অভিযোগের তদন্তে আসেন এসআই মিলন ফকির।
আসার ১০ মিনিট পরেও তিনি ভিআইপি ডিউটির কথা বলে চলে যান। এরপর ১৫ মিনিট পরে আবারও তিনি ঘটনাস্থলে আসেন।
তিনি বিবাদীর সাথে কথা বলে আমাদের কাছে এসে খরচ বাবদ ৫ হাজার টাকা দাবি করেন। আমরা তার কথামত ৫ হাজার টাকা দিয়ে দেই। এতোদিন পর এসে আমাকে মঙ্গলবার এসআই মিলন ফকির ফোন দিয়ে আপোষের জন্য থানায় ডাকেন।
তিনি বলেন, আপনারা রাত ৮ টায় থানায় আসেন আপোষ করে দেবো। একই সাথে চিকিৎসা বাবদ বিবাদীর কাছ থেকে খরচ নিয়ে দেবো। আমি বলেছি (বাদী) আমি তো আপোষ করবো না।
এব্যাপারে বাদী নিশা ইসলামের স্বামী অহিদুর রহমান রাবু বলেন, এসআই খরচ বাবদ আমার কাছ থেকেই ৫ হাজার টাকা নিয়েছেন। এখন তিনি বলছেন মিমাংসা করতে।
তিনি আমাকে বিভিন্নভাবে মিমাংসা করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। আমি বলেছি অভিযোগ দায়েরের আগে তারা মিমাংসার কথা বললে ভেবে দেখতাম। এখন মিমাংসার কোন সুযোগ নেই।
এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মিলন ফকির বলেন, বাদী ও বিবাদী দুই পক্ষকে ডেকেছি।
দুই পক্ষকে ডেকে মিমাংসা করাতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাদের বলেছি বিবাদীরা থানায় আসবে আপনারও আসেন যা করার করে দেবো।
বাদীরা যদি মামলা করতে চায় করবে। তবে খরচ বাবদ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, টাকা নেওয়ার কথা টি ভুয়া কথা।
এব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম বলেন, পুলিশ আপোষ কেন করাবেন, বিষয়টি আমি দেখছি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় বাসার সামনে বাজি ফুটানোকে কেন্দ্র করে ৫১ বছর বয়সী এক নারীর উপর হামলা করেন মোঃ রহিম (২৭), মোঃ খলিল (৩১), মোঃ হাবিব (৩৩) ও ইসমাইল(৪৫)। এঘটনায় অভিযোগ দায়ের করলে এসআই মিলন ফকির ঘটনাস্থলে এসে বাদীর কাছ থেকে খরচবাবদ ৫ হাজার টাকা নিয়ে যান।