আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মশার কামড়ে অতিষ্ঠ কালিয়াকৈর পৌরবাসী

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

মশার কামড়ে অতিষ্ঠ গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার বাসিন্দারা। কর্মব্যস্ততার এই পৌর এলাকায় বেড়েই চলছে মশার উপদ্রব। বর্তমানে বাংলাদেশের শহর-বন্দর, গ্রামগঞ্জ সর্বত্র জনজীবন মশার উপদ্রবে বিপর্যস্ত।

মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। এই মশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার কোমলমতি ছাত্র-ছাত্রী ও গর্ভবতী মায়েরা। মশার যন্ত্রণায় জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে পৌরবাসীরা।

এদিকে মশার উপদ্রব দিন দিন বাড়লেও মশা নিধনে নেই তেমন কোনো পদক্ষেপ। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন পৌর এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমানে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না তারা।

পৌরসভার বিভিন্ন জায়গায় নালা-নর্দমা, রাস্তাঘাট, ড্রেন অপরিষ্কারসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা ও ময়লা রাখার ড্রামে ঢাকনা না থাকার কারণে মশা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী।

এ ছাড়াও পৌরসভার প্রায় সব এলাকায় সড়কের পাশে অধিকাংশ স্থানে নালার ঢাকনা না থাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলে মনে করেন তারা।

কালিয়াকৈর পৌরসভা ১নং ওয়ার্ড শিমুলতলী এলাকার বাসিন্দা আবুল হোসেন চৌধুরী জানান, হঠাৎ করেই মশার উপদ্রব বেড়ে গেছে।

কিন্তু পৌরসভা থেকে মশা নিধন কোন পদক্ষেপ দেখছি না। মশা নিধন স্প্রে করা উচিৎ। দ্রুত মশা নিধনের ব্যবস্থা না করলে বিভিন্ন মশাবাহিত রোগবালাই আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে আমাদের।

পৌরসভার সাহেব বাজার এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, পৌর কর্তৃপক্ষ নালা-নর্দমাগুলো এবং বাসাবাড়ির আশপাশে মশা নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

অনেক সময় দেখি মশা নিধনের ওষুধ প্রয়োগ করে তবে নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হলে হয়তো পৌরবাসীকে এ দুর্ভোগ পোহাতে হতো না।

শিক্ষার্থী তন্ময়, আশিক, নাঈম, শায়লা জানান, এতো মশা বৃদ্ধি পেয়েছে যে কয়েল জ্বালিয়েও কোনো কাজ হয় না। মশার গুনগুন শব্দ এবং কামড়ে ভীষণ বিরক্ত লাগে। বসে থেকে পড়াশোনাও ঠিকমতো করতে পারছি না।

মশাবাহিত রোগ থেকে বাঁচতে সন্ধ্যা হলেই পড়ার টেবিল ছেড়ে বিছানায় মশারি টানিয়ে পড়তে বসতে হয়। মশার উপদ্রব ও মশাবাহিত সংক্রমণ রোধে যদি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তবেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে বলে আশা করেন তারা।

এ ব্যাপারে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, ইতিমধ্যে মশা নিধনের কার্যক্রম সারা পৌরসভার মধ্যে চলমান রয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ