নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে গ্যাসের লিকেজের আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের দুই মেয়ে ও তাদের মাসহ চারজন। আলাদা দুটি ঘটনায় দগ্ধ চারজনেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
শনিবার সকাল ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার আলী আহমেদের মালিকানাধীন বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ হন একই পরিবারের মা ও মেয়েসহ তিনজন।
অপর ঘটনায় সাভারের সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় তিতাস গ্যাসের লিকেজের আগুনে চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ হন আরেক দিনমজুর।
কাঠগড়া এলাকায় একই পরিবারের দগ্ধরা হলেন, গার্মেন্টস শ্রমিক ইয়াসমিন আক্তার (৪০), তার মেয়ে শ্রমিক শিমা আক্তার (২০), শিক্ষার্থী সুমা আক্তার (১২)। তাদের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাসিন্দা। অপর ঘটনায় দগ্ধ মোমিনুল ইসলাম (৪৫) দিনমজুর। তার বাড়ি জামালপুর জেলায়।
প্রত্যক্ষদর্শী বাড়ির ম্যানেজার আবু ইউসুফ জানান, বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন ইয়াসমিম ও তার দুই মেয়ে। ইয়াসমিন ও তার বড় মেয়ে শিমা স্থানীয় আলাদা দুটি পোশাক কারখানায় চাকরি করেন।
আর ছোট মেয়ে সুমা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজ ভোরে গার্মেন্টসে যাওয়ার জন্য ইয়াসমিন রান্নাঘরে চুলা জ্বালাতে গিয়ে আগুন জ্বলে ওঠে।
এসময় ইয়াসমিন ও তার দুই মেয়ে দগ্ধ হলে তাদের ঢাকা মেডিক্যালে পাঠাই আমরা। মূলত সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকেই চুলা জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটছে।
অপর ঘটনায় সবুজবাগ এলাকায় দগ্ধের স্বজনরা জানান, ভোর রাত চারটার দিকে চুলা মোমিনুল চুলা জ্বালাতে গেলে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন জ্বলে ওঠে। এসময় আগুন নেভাতে গিয়ে বুক ও পেটের অংশ পুড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে সংশ্লিষ্ট আশুলিয়া সাভার থানায় যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কোন তথ্য দিতে পারেননি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু কিছু জানেন না বলে জানান।
সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত সদস্যরাও এসব বিষয়ে অবগত নন বল জানান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, দগ্ধ একই পরিবারের তিনজন সহ মোট চারজন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছেন।
একই পরিবারের তিনজনসহ চারজনের শরীরের ৫০ শতাংশ বার্ন হয়েছেন। সবিই মেজর বার্ন।